News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিকে ঝুট নামানোকে কেন্দ্র করে ফের উত্তেজনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:১৪ পিএম বিসিকে ঝুট নামানোকে কেন্দ্র করে ফের উত্তেজনা

ফতুল্লা শিল্পাঞ্চলের বিসিক এলাকায় সুমন নিটিং নামের একটি কারখানার ওয়েস্টেজ মালামাল (ঝুট) নামানোকে কেন্দ্র করে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানা পুলিশ উপস্থিত হয়ে ওয়েস্টেজ মালামাল বোঝাই একটি ট্রাক আটক করে থানায় নিয়ে যায়।

শুক্রবার (২২ মে) দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে বিসিক এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই বিসিক এলাকার সুমন নিটিং নামের একটি কারখানার ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের অনুসারীদের দ্বন্দ্ব চলছিল। বড় ধরনের সংঘর্ষ এড়াতে ফতুল্লা থানা পুলিশ ও জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের হস্তক্ষেপে প্রতিষ্ঠানটি থেকে সাময়িকভাবে ঝুট নামানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে অভিযোগ রয়েছে, সেই সিদ্ধান্ত অমান্য করে শুক্রবার দুপুরে ওয়েস্টেজ মালামাল নামানোর চেষ্টা করে। এসময় সেখানে উপস্থিত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।

সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে ওয়েস্টেজ মালামাল বোঝাই একটি ট্রাক আটক করে থানায় নিয়ে আসে। পরে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে উভয় পক্ষকে সরিয়ে দিলে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, আগের ঝামেলার সময় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ওই প্রতিষ্ঠান থেকে ঝুট নামানো সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছিল। তবে শুক্রবারের ঘটনা সম্পর্কে তিনি পুরোপুরি অবগত নন।