News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

কলাগাছিয়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৯:৪৬ পিএম কলাগাছিয়ায় জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা

‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৭ আগস্ট সকাল ১১টায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার। সভায় সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামান মিয়া।

সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য নির্ভুলভাবে সংরক্ষণ ও নিবন্ধনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। নিবন্ধনের সময় সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে যাচাই করে অন্তর্ভুক্ত করার পাশাপাশি কোনো ধরনের ভুল বা অসঙ্গতি যেন না থাকে, সেদিকে সতর্ক থাকার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু একটি সনদ নেওয়ার বিষয় নয়, এটি একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক তথ্যের সরকারি রেকর্ড। সঠিক ও নির্ভুল তথ্য সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা গ্রহণ সহজ হবে এবং দেশের তথ্যভান্ডারও আরও নির্ভরযোগ্য হবে।

এ সময় সংশ্লিষ্টদের জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানের জন্মের তথ্য সঠিকভাবে প্রদান এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় জানানো হয়, জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন বিনামূল্যে করা যায়। তাই নির্ধারিত সময়ের মধ্যেই সঠিক তথ্য দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়। সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, স্বাস্থ্যকর্মী, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।