শিক্ষার্থীদের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা প্রাপ্তির প্রক্রিয়া সহজভাবে তুলে ধরতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে ধারাবাহিক অবহিতকরণ কর্মসূচি। যেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম, সরকারি সেবা, নাগরিক অধিকার ও সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হবে শিক্ষার্থীদের।
বুধবার ২ সেপ্টেম্বর সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা হলরুমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম দিনের আয়োজনে শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের কার্যক্রম ও এখান থেকে দেওয়া বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এসময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন শিক্ষার্থীদের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, সরকারি সেবা প্রদানের প্রক্রিয়া এবং প্রশাসনের দায়িত্ব ও জবাবদিহিতা সম্পর্কে আলোচনা করেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি সরকারি সেবা নিতে গিয়ে কোথায়, কীভাবে এবং কার সঙ্গে যোগাযোগ করতে হবে সেসব বিষয়ও তুলে ধরা হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম এবং সেবা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অনেক সময় পরিষ্কার ধারণা থাকে না। এর ফলে কাক্সিক্ষত সেবা পেতে অনেকে হয়রানি বা বিভ্রান্তির শিকার হন। শিক্ষার্থীরা আগামী দিনের সচেতন নাগরিক ও ভবিষ্যৎ নেতৃত্ব। তাই তাদের ছোটবেলা থেকেই সরকারি প্রতিষ্ঠান, নাগরিক অধিকার এবং সেবা গ্রহণের সঠিক পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, শিক্ষার্থীরা যদি সরকারি সেবার বিষয়ে জানতে পারে, তাহলে শুধু তারাই উপকৃত হবে না; তারা নিজেদের পরিবার, আত্মীয়স্বজন ও আশপাশের মানুষকেও সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবে। এর ফলে সরকারি সেবা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে এবং প্রশাসনের সঙ্গে নাগরিকদের দূরত্বও কমবে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাধারণত সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে মানুষ জানতে সেবা নিতে গিয়ে বা কোনো প্রয়োজনে সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করেন। কিন্তু শিক্ষার্থীদের সরাসরি সরকারি দপ্তরের কার্যক্রমের সঙ্গে পরিচিত করার মাধ্যমে তাদের মধ্যে প্রশাসনিক কাঠামো ও নাগরিক দায়িত্ব সম্পর্কে আগেভাগেই ধারণা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজ সম্পর্কে বাস্তব ধারণা পাওয়ার পাশাপাশি সরকারি সেবা গ্রহণে প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং অভিযোগ জানানোর পদ্ধতি সম্পর্কেও জানতে পারবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ উদ্যোগ তাই শুধু শিক্ষার্থীদের তথ্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং ভবিষ্যৎ প্রজন্মকে সরকারি ব্যবস্থার সঙ্গে পরিচিত করে একটি সচেতন, দায়িত্বশীল ও অধিকারসচেতন নাগরিক সমাজ গড়ে তোলার দীর্ঘমেয়াদি প্রচেষ্টা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।







































আপনার মতামত লিখুন :