নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকায় থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার ১ সেপ্টেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২ আগস্ট রাতে বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামী মো. রানাকে (দেউলী চৌরাপাড়া এলাকার মৃত মো. মোর্শেদ মিয়ার ছেলে) গ্রেপ্তার করে। একই রাতে ফরাজীকান্দা ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে থেকে পুলিশ আইনে মো. রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেন এসআই সৈয়দ জাকির হোসেন ও তার সঙ্গীয় ফোর্স। রুবেল ২নং মাধবপাশা এলাকার নুরুল ইসলামের ছেলে।
অন্যদিকে, ১ আগস্ট দুপুর ২:৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নারায়ণগঞ্জ-এর একটি দল বউ বাজার এলাকায় অভিযান চালায়। সেখানে শাহী মসজিদ সংলগ্ন 'সততা স্টোর'-এর সামনের গলি থেকে ১২০ পিস ইয়াবাসহ মোঃ নাসির এলাহি সানি (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সানি ওই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত তিন আসামীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও সব ধরনের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







































আপনার মতামত লিখুন :