News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

ফতুল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি এয়ার রাইফেল উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফুতুল্লা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ০৮:৫৩ পিএম ফতুল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি এয়ার রাইফেল উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝোপের ভেতরে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করেছে র‍্যাব-১১। বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সন্তাপুর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে র‍্যাব-১১, সিপিসি-১-এর একটি বিশেষ দল দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীকালে আশপাশের এলাকায় তল্লাশি চালানোর সময় দক্ষিণ সন্তাপুর এলাকার প্যাসিফিক সোয়েটার ফ্যাক্টরির পাশে একটি বালুর মাঠসংলগ্ন ঝোপের ভেতরে লুকিয়ে রাখা বিদেশি এয়ার রাইফেলটি উদ্ধার করেন র‍্যাব সদস্যরা।

উদ্ধার করা এয়ার রাইফেলটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-১১।