News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

বাস ভাড়া নিয়ে আন্দোলনে নামছে ছাত্র ফেডারেশন 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৮:৩৯ পিএম বাস ভাড়া নিয়ে আন্দোলনে নামছে ছাত্র ফেডারেশন 

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী 'বন্ধন' ও 'উৎসব' পরিবহনের অযৌক্তিক ভাড়া বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য ২৫ টাকা হাফ পাস কার্যকরের দাবিতে এবার কঠোর কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা।

১২ মে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক সৌরভ সেন বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস মালিকদের অরাজকতা চরম সীমায় পৌঁছেছে। গত ৭ মে আমরা ৪ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছিলাম। সেখানে আমাদের স্পষ্ট দাবি ছিল বর্ধিত ভাড়া প্রত্যাহার করা, বিআরটিএ এর সিদ্ধান্ত আসার আগে অনৈতিকভাবে ভাড়া বাড়ানো মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিন কোনো শর্ত ছাড়াই ২৫ টাকা হাফ ভাড়া কার্যকর করা। জেলা প্রশাসক মহোদয় আমাদের আশ্বস্ত করেছিলেন যে তিনি মালিকপক্ষসহ সংশ্লিষ্টদের সাথে আলাপ করে কার্যকর পদক্ষেপ নেবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, এক সপ্তাহ পার হলেও প্রশাসনের কোনো দৃশ্যমান ভূমিকা আমরা লক্ষ্য করিনি।

নেতৃবৃন্দ বাস মালিকদের আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রশাসনের এই নীরবতার সুযোগে বন্ধন ও উৎসব পরিবহন উল্টো ঔদ্ধত্য প্রদর্শন করছে। শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা গতকাল ৩৫ টাকার 'হাফ পাস' টিকেট চালু করেছে, যা শিক্ষার্থীদের সাথে চরম তামাশার বহিঃপ্রকাশ, যা একই সাথে একটি অনৈতিক সিদ্ধান্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্র ফেডারেশন শুরু থেকেই সাবলীলভাবে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করেছে। কিন্তু মালিকপক্ষের এই ঔদ্ধত্য এবং প্রশাসনের কালক্ষেপণ আমাদের রাজপথে নামতে বাধ্য করছে।