News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

বালুর ট্রাক মার্কা গণতন্ত্র ফেরাতে চাইলে প্রতিহত করা হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০৯:৪০ পিএম বালুর ট্রাক মার্কা গণতন্ত্র ফেরাতে চাইলে প্রতিহত করা হবে

হবিগঞ্জে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের উপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। 

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে এনসিপির জেলা ও মহানগরের নেতাকর্মীরা। পরে শহরের বিবি রোডে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এসময় মিছিলে যুক্ত হন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন। 

মিছিল শেষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিচে সমাপনী বক্তব্যে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, আজকে এনসিপির নেতৃবৃন্দ হবিগঞ্জে প্রবেশ করতে গিয়েছিলেন। কিন্তু সেখানকার প্রশাসন ন্যক্কারজনকভাবে ১৪৪ ধারা জারি করেছে। আমরা প্রশাসনকে বলতে চাই, অতীতে যে একদলীয় কাঠামোর সরকার আমরা দেখেছি, তা জনগণ গ্রহণ করেনি। আপনারা যদি আবারও সেই একদলীয় গণতন্ত্রের দিকে যেতে চান, তাহলে জনগণ আপনাদের আগের মতোই প্রতিহত করবে।

সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা অন্তত হাসিনা নন। হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী। হাসিনা অনেক বড় ফ্যাসিস্ট ও সন্ত্রাসী ছিল। তারা যেহেতু পালাতে বাধ্য হয়েছিল। কেউ যদি মনে করে চিরস্থায়ী ক্ষমতা পেয়ে গেছে, তাহলে সে বোকার স্বর্গে বসবাস করছে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে এমপি আল আমিন বলেন, দুই বছর আগে এই জুলাই মাসে দেড় হাজারের অধিক শহীদ জীবন দিয়েছিলো।নসেই জুলাইয়ে এ ধরনের গুন্ডামি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্র-জনতা ও দেশের জনগণ মেনে নেবে না। আপনারা যদি আবার অস্ত্রের ভাষায় কথা বলতে চান এবং বালুর ট্রাক মার্কা গণতন্ত্র ফিরিয়ে আনতে চান, তাহলে সেই গণতন্ত্র কীভাবে প্রতিহত করতে হয়, দেশের জনগণ তা জানে।

সমাবেশে অন্যান্যদের ভেতর বক্তব্য রাখেন জেলা এনসিপির আহবায়ক জুবায়ের সরদার, মহানগর আহবায়ক শওকত আলী প্রমুখ।