নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও কলেজ রোড এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে প্রায় ঘণ্টাখানেক সময় ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ছাত্রদল ও ছাত্রশিবিরের ২০ জন কর্মী আহত হয়েছে। তাদেরকে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
আহতদের মধ্যে ছাত্রশিবিরের গুরুত্বর আহতরা হলেন- তোলারাম কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইমদাদুল হক শুভ, সেক্রেটারী তামিম ও অর্থ সম্পাদক জুহাস, মহানগর সভাপতি অমিত হাসান, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম। এদিকে ছাত্রদল কর্মী তুহিন আহমেদ আহত হয়েছে বলে জানা গেছে। আর বাকীদের নাম জানা যায়নি।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, আমরা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই নিয়ে আমাদের কার্যালয়ে প্রোগ্রাম করছিলাম। এই সময়ে আমরা খবর পেলাম আমাদের তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদককে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করেছে। এই খবর পেয়ে তাদের উদ্ধার করতে আসলে ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপড় হামলা করে। আমাদের প্রায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছে।
তিনি আরও বলেন, এটা ছাত্রদল পরিকল্পিতভাবে ক্যাম্পাস দখল করার জন্য ঝামেলা করছে। ছাত্রশিবিরের কারণে তারা টেন্ডারবাজি চাঁদাবাজি করতে পারছে না। এজন্য তারা শিবিরের উপড় হামলা করেছে। আমাদের উপড় এই হামলার নেতৃত্বে ছিলো তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া, সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অনিক, সাবেক সভাপতি পায়েল, তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজন, সদর থানা ছাত্রদল নেতা মিলন, কদমরসূল কলেজের সাবেক সাধারণ সম্পাদক শেখ রিফাত, তোলারাম কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন।
তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া বলেন, তোলারাম কলেজে ৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ছিলো। ছাত্রশিবির এখানে উচ্ছৃঙ্খল বক্তব্য দেয়। আমরা তাদের বলেছি এখানে উচ্ছৃঙ্খল বক্তব্য দেয়া যাবে না। এই ক্যাম্পাসে সহাবস্থান ছিলো এবং সহাবস্থান আছে। তারা আমাদের একজনকে মেরে আহত করেছে।
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষ হওয়ার পর শুনলাম গেইটের বাইরে একজন আহত হয়েছে। ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। প্রশাসনকে জানানোর পর তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ হাছিনুজ্জামান বলেন, তোলারাম কলেজে আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে বাক-বিতন্ডা; পরে হাতাহাতি এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় ৪ থেকে ৫ আহত হয়েছে বলে জানতে পেরেছি।


































আপনার মতামত লিখুন :