News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

বন্দরে খাল দখলদারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম আশার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ০৮:৩৩ পিএম বন্দরে খাল দখলদারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম আশার

বন্দরে নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকার খাল পুনঃখনন কাজের পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। এ সময় তিনি খালের জায়গা অবৈধভাবে দখল করে রেখে কাজে বাধা প্রদানকারীদের উদ্দেশ্যে ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেছেন।

৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে এলাকা পরিদর্শনের সময় তিনি বলেন, সমাজের প্রভাবশালী বা বিত্তশালীরা যতই ক্ষমতাধর হোন না কেন, সরকারি জমি ও খাল দখলের কোনো সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, "গরিবরা কখনো খাল বা সরকারি সম্পত্তি দখল করে না। এ দেশে যারা ভূমিদস্যু এবং সমাজের তথাকথিত প্রভাবশালী, তারাই খাল ও সরকারি জমি দখল করে রেখেছেন। নিজ উদ্যোগে যদি এসব অবৈধ স্থাপনা ও দখল সরিয়ে নেওয়া না হয়, তবে খুব শীঘ্রই কঠোরভাবে সরকারি উচ্ছেদ অভিযান চালানো হবে।

তিনি আরও যোগ করেন, রাষ্ট্রনায়কের নির্দেশ যথাযথভাবে মেনে চলাই তাদের মূল নীতি। দলমত নির্বিশেষে সামাজিক ও রাজনৈতিক পরিম-লের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তারা বদ্ধপরিকর। ধনী-গরিব নির্বিশেষে আইনের চোখে সবাই সমান বলেও মন্তব্য করেন তিনি।

দখলদারদের উদ্দেশে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় অবৈধ দখলমুক্ত করার আহ্বান জানানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দখল ছেড়ে না দিলে প্রশাসনের সহায়তায় আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শন ও সমাবেশে নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকার স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা অবৈধ খাল উদ্ধারের এই কার্যক্রমে পূর্ণ সমর্থন ও সন্তোষ প্রকাশ করেন।