দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকায় বন্দর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় পানি সংকট, অতিরিক্ত লোডশেডিং ও সড়কের বেহাল অবস্থা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। একই সাথে স্থানীয় এমপি আবুল কালামের দৃষ্টি আকর্ষন করেন বন্দর উপজেলাবাসী। এর জের ধরে রোববার ৯ আগষ্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অসন্তোষ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
তিনি বলেন, জনগণের মৌলিক চাহিদা বিদ্যুৎ পানি গ্যাসের পাশাপাশি মানুষের প্রথম সমস্যা যাতায়াত। এসব সেবার দায়িত্ব বিভিন্ন সংস্থার মধ্যে ভাগ হয়ে থাকায় অনেক সময় সমন্বয়ের ঘাটতি দেখা দেয়। একসময় এই নদীর সুপেয় পানির সুনাম ছিল। কিন্তু বর্তমানে নদীর পানি বিষাক্ত হয়ে পড়েছে। নদী ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। বন্দরের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পানির দাবিতে মানববন্ধন করছেন। বিষয়টি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। বন্দরে বিদ্যুৎ সরবরাহের অবস্থা অত্যন্ত নাজুক। ঘণ্টায় একাধিকবার লোডশেডিং হওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। একই সঙ্গে সড়ক যোগাযোগ, পানির সংকট, নদীদূষণ, যানজট ও অপরিকল্পিত উন্নয়ন নিয়ে ক্ষোভ সৃষ্টি হচ্ছে।
সভায় এমপি আবুল কালাম বলেন, বন্দরে বর্তমানে ঘণ্টায় তিন থেকে চারবার পর্যন্ত লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ ঘাটতির কারণে লোডশেডিং দিতে হয়, বাধ্যবাধকতা আছে। কিন্তু সেটা সমন্বয় করে দেন। একবারে এক ঘণ্টা দেন। কিন্তু ঘণ্টায় তিনবার দিলে এটা অসহনীয় হয়ে যায়। রাস্তাঘাটের বিষয়ে জনপ্রতিনিধিদের অসন্তুষ্টি রয়েছে। তবে সরকারি কর্মকর্তাদের প্রতিপক্ষ হিসেবে না দেখে সমস্যাগুলো নিয়ে তাদের প্রকাশ্যে কথা বলার আহ্বান জানান তিনি। রোডস অ্যান্ড হাইওয়ে নিয়ে আমরা অসন্তুষ্ট। কিন্তু আমরা তো আপনাদের প্রতিপক্ষ না। আপনারা মুখ খুলুন।
তিনি আরও বলেন, এসব সমস্যা কোনো একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির পক্ষে একা সমাধান করা সম্ভব নয়। জনপ্রতিনিধি, প্রশাসন, সিটি করপোরেশন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়াই এখন সবচেয়ে জরুরি।
জেলার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত। তাদের আত্মত্যাগের কারণেই বর্তমানের মুক্ত পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

































আপনার মতামত লিখুন :