News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

রাজনীতি হয়েছে বিচার হয়নি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ১০:০০ পিএম রাজনীতি হয়েছে বিচার হয়নি

২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে বাধা দিয়ে রণক্ষেত্র অবস্থায় পুলিশের গুলিতে নিহত হন যুবদল কর্মী শাওন আহম্মেদ। চার বছর হলেও এখনো বিচার শুরু হয়নি। তবে এর মধ্যে এ হত্যা নিয়ে চরম রাজনীতি হয়েছে। হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ শাওনকে নিজেদের কর্মী দাবী করেছিলেন। ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী দাবী করেন শাওন তার ভাতিজা। কিন্তু সেটা ছিল নিছক রাজনীতি।

সূত্রে জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ডিআইটি এলাকাস্থ সাবেক বিএনপি কার্যালয়ের সামনে সকাল থেকেই জড়ো হতে থাকে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টায় জেলা ও মহানগরের ব্যানারে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশ ও ডিবির সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে বেধে যায় সংঘর্ষ। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। তখন বিএনপি নেতাকর্মীদের আক্রমনে পুলিশ সদস্যরা ২নং রেলগেটস্থ পুলিশ বক্সের ভেতরে গিয়ে আশ্রয় নিলে বিএনপি নেতাকর্মীরা তিনদিক দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তখন পুলিশ বক্সের ভিতর থেকে প্রতিউত্তরে পুলিশও মুর্হুমুহু টিয়ারসেল ও শর্টগানের গুলি ছোড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহরে। বন্ধ হয়ে সকল মার্কেট-বিপনী বিতান। থমকে যায় যানবাহন চলাচল। পরে অতিরিক্ত পুলিশ ও ডিবি পুলিশ এসে ২নং রেলগেট এলাকায় অবস্থান নিয়ে অবরুদ্ধ হয়ে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করে। এসময় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এসময় বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও গুলি টিয়ারসেল ছোড়ার ঘটনা চলতে থাকে।   

তৎকালীন ডিবি পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান কনকের হাতে থাকা 'চাইনিজ রাইফেল' থেকে ছোড়া গুলি যুবদল কর্মী শাওনের শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। শাওন ফতুল্লার এনায়েতনগর এলাকায় একটি কারখানায় ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি পার্শ্ববর্তী বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায়। সে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

তৎসময়ের জেলা সিভিল সার্জন মশিউর রহমান বলেন, সংঘর্ষে শাওন নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বুকের মাঝ বরাবর ছোট গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।

দুই বছর পর ২০২৪ সালে ২১ অক্টোবর নিহতের ভাই মো. মিলন বাদি হয়ে মামলা করেন। ২০২৫ সালের ৩ জানুয়ারী মামলায় জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) সাবেক উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সাবেক পাঁচ সংসদ সদস্য ও ডিবির সাবেক এসআই কনকসহ ৫২ জনকে।