News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

মেয়র প্রশাসক মনে করেন লাভজনক পদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৯:২৭ পিএম মেয়র প্রশাসক মনে করেন লাভজনক পদ

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলছেন, আজকে যিনি সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন যিনি পৌরসভার মেয়র হয়েছেন কিংবা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন তিনি মনে করছেন এটা লাভজনক পদ। এখানে কিভাবে আমার পকেট ভারী করা যায় সম্পদ ভারী করা যায় এই প্রতিযোগিতায় মত্ত আছেন। কিন্তু এটা যে জবাবদিহিতা; মানুষের কাছে জবাবদিহিতার পাশাপাশি আখেরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটা তাদের মধ্যে খেয়াল থাকে না।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল এবং সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

মাওলানা আবদুল জব্বার বলেন, যতদিন পর্যন্ত আমাদের নেতৃত্বে যারা রয়েছেন তাদের মধ্যে এই খেয়াল আসবে না যে পৃথিবীর কেউ আমার খারাপ কাজ দুর্নীতি না দেখলেও আল্লাহ দেখেন ততদিন পর্যন্ত দুর্নীতি বন্ধ হবে না। আগামী দিনে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে মাথা নত না করে দেশের কল্যাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বিগত ৫৪-৫৫ বছরে দেশে অনেক যোগ্য নেতৃত্ব এসেছেন। কিন্তু তাদের নৈতিক শক্তি ও ধর্মীয় মূল্যবোধ না থাকায় বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। জনগণ ও রাষ্ট্রের সম্পদকে নিজেদের মনে করে তারা আমানতের খেয়ানত করেছেন।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমজাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল উদ্দিন।