News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

চাঁদাবাজির মামলায় গ্রেফতার কৃষক দলের সদস্য সচিব বহিষ্কার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৯:৪৫ পিএম চাঁদাবাজির মামলায় গ্রেফতার কৃষক দলের সদস্য সচিব বহিষ্কার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতারকৃত নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কৃষক দলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনক্রমে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কার আদেশের বিবৃতিতে দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ‎কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সিদ্ধান্তক্রমে চাঁদাবাজির অভিযোগ গ্রেফতারকৃত ফয়সালের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। দলটির কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার অনুরোধ করা হয়েছে।

‎‎এর আগে দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম তার নিজ বাসা থেকে চাঁদাবাজির মামলায় ফয়সালকে গ্রেফতার করেন। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহদী বলেন, আজ দুপুরে একটি চাঁদাবাজির মামলায় আসামির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত গ্রেফতারকৃত নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল সিদ্ধিরগঞ্জ অবস্থিত পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রয়েছে। একই সাথে দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গ্রেফতারকৃত ওই কর্মকর্তাদের ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দেন। এরপর বিভিন্ন সময়েও ফোন করে একইভাবে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয় বলে মামলায় দাবি করা হয়েছে।