News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘বাজে মন্তব্য’ ঘিরে কালো অধ্যায়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ০৯:৫৬ পিএম ‘বাজে মন্তব্য’ ঘিরে কালো অধ্যায়

ছোট একটি স্লোগান আর বাজে মন্তব্য। এটাকে সূত্র ধরেই ঘটে গেল বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি আর ধস্তাধস্তি। আইনজীবীদের ওই ঘটনায় এখন তোলপাড় বিএনপির রাজনৈতিক অঙ্গন। সাধারণ মানুষও বিষয়টিকে ভালো চোখে দেখছে না। আদালতপ্রাঙ্গনে এক কালো অধ্যায়ের জন্ম দিল বিএনপি।

গত দেড় মাস আগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিপি হিসেবে নিয়োগ পান সুমন মিয়া। এর পর থেকেই আন্দোলনে নামে আইনজীবীদের একটি অংশ। নিয়োগের পর থেকে নিজ কক্ষে বসতে পারেনি সুমন মিয়া। সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এরই মধ্যে বিষয়টির নিস্পত্তির উদ্যোগ নেন আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির। তিনি ৬ অক্টোবর নিজের রুমে সাখাওয়াতকে নিমন্ত্রন করেন। দুপুরে সাখাওয়াত সেখানে গিয়ে হাজির হন। তিনি সভাপতির রুমে অবস্থানকালীন সময়ে অন্য আইনজীবীরা ছুটে আসেন।

একই সময়ে পাশের রুমে থাকা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানের অনুসারীরা অবস্থান নেন। হঠাৎ করেই সে কক্ষে নানা ধরনের স্লোগান দেওয়া শুরু হয়। টানা কয়েক মিনিট স্লোগানের কারণে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়েই সভাপতির রুম থেকে বেরিয়ে আসেন সাখাওয়াত। তিনি এসে পাশের রুমে থাকা পিপি আবুল কালাম আজাদ জাকিরের কাছে স্লোগান দেওয়ার কারণে জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পিপি জাকির ও এপিপি ওমর ফারুক নয়ন সহ অন্যরা সাখাওয়াতের সঙ্গে অশোভচন আচরণ করে। শুরু হয় বাদানুবাদ ও হাতাহাতি।

পিপি আবুল কালাম আজাদ জাকির এক সময়ে সাখাওয়াতের অনুসারী ছিলেন। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গঠনে পদের ক্ষেত্রে জাকিরের পক্ষ নিতেন সাখাওয়াত। আদালতপাড়ার রাজনীতিতে জাকির ও আনোয়ার প্রধান দুইজনই সাখাওয়াতের শিষ্য হিসেবে পরিচিত।

রাতে সংবাদ সম্মেলনে হুমায়ূন কবির বলেন, সাখাওয়াত সাহেব আমাদের বারের সাবেক সভাপতি, সেক্রেটারী ছিলেন। পিপির বিষয়টি সমাধানের জন্য তাঁকে আমরা দাওয়াত করেছিলাম। তিনি আমার রুম বসে থাকা সময়ে পাশের রুম থেকে ব্যাড কমেন্ট করা হয়। এর পরেই তিনি সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়।

সাখাওয়াত হোসেন খান বলেন, আমি সভাপতির রুমে বসে থাকাবস্থায় পাশের রুম থেকে খারাপ মন্তব্য করা হয়। আমি এক পর্যায়ে সেখানে গিয়ে কেন এমন হচ্ছে জানতে চাইলে তারা আমার উপর চড়াও হয়।