News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ০৭:১১ পিএম আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা

নারায়ণগঞ্জের আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে মাদরাসার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক।

তিনি বলেন, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তাদের অবদান বিশেষভাবে স্মরণীয়।

ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের ৪৯ জন সদস্য বিদায় নিয়েছেন উল্লেখ করে তিনি তাদের জন্য দোয়া করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। 

অনুষ্ঠানে প্রধান বক্তা ইসলামী শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, মাত্র দুইজন মহিলা নিয়ে এই মাদরাসার যাত্রা শুরু হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানুষের জীবন পরিচালনার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।

তিনি বলেন, আল্লাহ তায়ালা রাজি থাকলে এই প্রতিষ্ঠান একদিন কামিল পর্যন্ত উন্নীত হবে এটাই আমাদের চিন্তা ও প্রত্যাশা।

তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুণাবলী বিকাশের উপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষকদেরও শিক্ষার্থীদের মানবিক গুণাবলী গড়ে তোলার বিষয়ে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।

মাওলানা মইনুদ্দিন আহমাদ আরও বলেন, একসময় প্রচলিত ধারণা ছিল দরিদ্র পরিবারের সন্তানরা মাদরাসায় পড়াশোনা করে। বর্তমানে সেই ধারণার ব্যাপক পরিবর্তন হয়েছে। মাদরাসায় পড়াশোনা করার ক্ষেত্রে কোনো ধরনের হীনমন্যতায় ভোগার কারণ নেই। আগামী দুই বছরের মধ্যে এ প্রতিষ্ঠানে ফাজিল শিক্ষা কার্যক্রম শুরু করার আশ্বাসও দেন তিনি। একই সঙ্গে মহানবী (সা.)-এর দেখানো পথে জীবন পরিচালনা এবং আদেশ-নিষেধ মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি মো. বদিউজ্জামান বাদল, এইচ এম নাসির উদ্দিন, মোহাম্মদ আবু হানিফ ও ব্যবসায়ী মর্তুজা খোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ মহিলা আলিম মাদরাসার চেয়ারম্যান ডা. মো. আলী আশরাফ খান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আদর্শ মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদা আক্তার। তিনি স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহতারিমা সাবিকুন্নেসা কলি ও মুতারিমা সাবাহ বিনতে সাঈদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউসা ইসলাম।

অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন মাদরাসার শিক্ষকদের সম্মাননা প্রদান এবং মাদরাসার ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বিভিন্ন ক্যাটাগরিতে একশোরও উপরে পুরষ্কার বিতরন করা হয়েছে। 

অভিভাবক প্রতিনিধি মুফতি রহমতুল্লাহ ও অভিভাবক আবু নোমান বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান, বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকনসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।