News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

জিয়া হল প্রাঙ্গনে পাঁচদিন ব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৯:৪২ পিএম জিয়া হল প্রাঙ্গনে পাঁচদিন ব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকার শহীদ জিয়া হল প্রাঙ্গনে পাঁচদিন ব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন।

বহুমুখী পাটপণ্য মেলা ২৫ এপ্রিল থেকে শুরু করে ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই মেলার কার্যক্রম চলবে। সেই সাথে মেলায় নারায়গঞ্জের বিভিন্ন পাটপণ্য ব্যবসায়ীরা তাদের পণ্যের সমাহারে স্টল সাজিয়েছেন।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাটপণ্যের দেশীয় ব্যবহার বাড়ানোর জন্য ইতোমধ্যে সরকার পদক্ষেপ নিয়েছে। আমাদের মন্ত্রী পরিষদ থেকে সার্কুলার জারী হয়েছে যাতে আমাদের সরকারি অফিসগুলোতে পাটের তৈরি সামগ্রী ব্যবহার করা হয়। কেবিনেট ফাইল এবং মন্ত্রীদের সরকারি ব্যাগ পাটের তৈরি। এভাবে পাটের ব্যবহার আমরা দেশীয়ভাবে বাড়াবো এবং পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করবো। আগামী দিনের সেটার বাস্তব প্রতিফলন দেখবেন।

তিনি আরও বলেন, প্রতিবছর আমাদের দেশে ৬ হাজার মেট্রিক টন বীজ লাগে। কিন্তু বাংলাদেশের পাটবীজ এখনও আসে অন্যদেশ থেকে। এজন্য আমরা কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে একটি ক্রাশ পোগ্রাম নিয়েছি স্বল্পতম সময়ে পাটবীজ বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান ও মহাপরিচালক সৈয়দ মো. নূরুল বাসির।