News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

ফতুল্লায় বায়ুদূষণকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৮:৪০ পিএম ফতুল্লায় বায়ুদূষণকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পরিবেশ সুরক্ষায় ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের ফতুল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর| রোববার ২৬ এপ্রিল দুপুরে পরিচালিত এ অভিযানে ২ টি বায়ুদূষণকারী শিল্প কারখানাকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়|

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূর| এতে পুলিশ, র‍্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম অংশ নেয়| প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া|

অভিযানের সময় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারার আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়| এর অংশ হিসেবে ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত জসিম উদ্দিন নিট কম্পোজিট লিমিটেডকে এক লাখ টাকা এবং কাঠেরপুল এস আর নিট ডাইংকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়|

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বায়ুদূষণের অভিযোগ ছিলো এবং পরিবেশগত মানদণ্ড না মেনে কার্যক্রম পরিচালনার কারণে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল| এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত তদারকি ও কঠোর অভিযান অব্যাহত রাখা হবে বলেও তারা উল্লেখ করেন|

পরিবেশ অধিদপ্তর আরও জানায়, দেশের বিভিন্ন এলাকায় পরিবেশ দূষণ রোধে তাদের কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে দূষণকারী কারখানা, ইটভাটা ও অন্যান্য প্রকল্পের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে|