নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ছাড়াও পূর্বের একটি চুরি মামলার আসামি রয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) সকাল পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
গ্রেপ্তার তিন মাদক কারবারি হলো মো. রাসেল (২৮), সোয়েব আক্তার (২২) ও মো. সজিব খলিফা (২৬)। এছাড়া পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন মিজান (২৬), রুবেল, সবুজ, হজরত আলী (২৩), মিজানুর রহমান ওরফে মিজান (২৭), আলাল হোসেন প্রকাশ আলাল পাগলা (৪৮), মো. শরিফ (৪১), মাদিন বকাউল, মো. ফাহিম হোসেন, মো. আরমান (৩০), কদম, মো. রিপন (৪৩), মো. রবিন (২৫), মো. নাজিমুদ্দিন (২৯) ও সবুজ। এছাড়া পূর্বের একটি চুরি মামলায় মো. রাকিব মিয়া (২০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নতুন বাজার, আদমজী, মিজমিজি, মজিববাগ, আটি ফকিরবাড়ী, কদমতলী গ্যাস লাইন, চর শিমুলপাড়া, গোদনাইল ধনকুন্ডা, হামিদপুর, সুমিলপাড়া বিহারী কলোনি, পাগলাবাড়ী, মাইচ্ছাপাড়া রেললাইন, বিহারী কলোনি পানির ট্যাংকি এলাকা এবং পূর্ব সানারপাড়সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তার তিন মাদক কারবারির কাছ থেকে ১৩০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের দাবি, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক, পরোয়ানাভুক্ত আসামি ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে।





































আপনার মতামত লিখুন :