আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের অনুসরণে নাসিকের গতি বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্যে করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন খান।
সোমবার (৩০ মার্চ) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের অফিসের প্রথম অফিসে দায়িত্ব পালনে দুপুর ৩টায় উপস্থিত হয়ে সকলের উদ্দেশ্যে বক্তব্যে তিনি একথা বলেন।। তার সংবাদে বিএনপি নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপচে পড়া ভিড় জমান। অফিস শেষে বিকাল ৫টায় আগত সাধারণ মানুষদের সাথে আলাপচারিতা করেন নবাগত প্রশাসক।
প্রশাসক আরো বলেছেন, আমাদের নেতা তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বের অংশ হিসেবেই সিদ্ধিরগঞ্জের আমার এ অফিসে আমি এসেছি। আমি বলেছি সিদ্ধিরগঞ্জ, বন্দর ও নারায়ণগঞ্জ সবাই সমান। সব জায়গায় আমরা সমান কাজ করবো। এক জায়গায় বেশি আরেক জায়গায় কম এমন না। সিদ্ধিরগঞ্জে এর আগে কেউ অফিস করেনি। বন্দরেও করেনি। আমি সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধিরগঞ্জে প্রতি সোমবার তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বসবো। পাঁচটার পরে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে সমস্যা চিহ্নিত করে এগুলো সমাধানের চেষ্টা করবো।
তিনি আরও বলেন, আমি প্রশাসক পাশাপাশি একটি দলের সভাপতি। আমি প্রশাসক হিসেবে এসেছি। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আছেন। আপনাদের কাছে অনুরোধ যে পরিবর্তনের কথা বলে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি একমাসে যে সিদ্ধান্ত নিয়েছেন এগুলোর মাধ্যমে তিনি জনগণের চাহিদা পূরণ করছেন। আমিও জনগণের ও এলাকার মানুষের উন্নয়নকে প্রাধান্য দিব। আমরা চাই নারায়ণগঞ্জটা মাদক ও সন্ত্রাস মুক্ত নারায়ণগঞ্জে পরিণত হোক। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করবেন। আমি সকলকে এক চোখে দেখবো। এখানে আমার প্রতি কারও কোন অভিযোগ থাকলে আমার কাছে আসবেন। আমার ভুল হলে আমাকে সংশোধন করার সুযোগ দিবেন।
অফিস থেকে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কুতুবে আলমকে নিয়ে ৪, ৫, ৬নং ওয়ার্ডের মশক নিধণের কর্মসূচী উদ্বোধন করেন প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন খান।






























আপনার মতামত লিখুন :