News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

আড়াইহাজারে মা–বাবাকে মারধর : ছেলের দুই মাসের কারাদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:১৯ পিএম আড়াইহাজারে মা–বাবাকে মারধর : ছেলের দুই মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা–বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে পারভেজ খান (২৫) নামে যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত পারভেজ খান উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকার মোশারফ খানের ছেলে। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের মারধর করতেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। গত ৩০ এপ্রিল একই অভিযোগে তার বাবা-মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার সকালেও মাদকের টাকার জন্য তিনি বাবা-মাকে মারধর ও ঘরে ভাঙচুর চালান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।