News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

বিএনপি পরিচয়ে অপকর্ম করেন নূরউদ্দিন 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৮:৩৩ পিএম বিএনপি পরিচয়ে অপকর্ম করেন নূরউদ্দিন 

বিএনপি নেতা পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্মের অভিযোগ এনে নূরউদ্দিন (৪৭) নামের ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের এক সদস্য। 

মঙ্গলবার (৫ মে) মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত ডায়েরি করেছেন।

লিখিত ডায়েরি উল্লেখ করা হয়েছে, (নাসিক)  ১নম্বর মিজমিজি বাতেনপাড়া এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে মো. নূরুউদ্দিন নিজ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে নানা ধরনের অপকর্ম করে যাচ্ছেন। তার কৃতকর্মের বিষয়টি স্থানীয় বাসিন্দারা অভিযোগকারী যুবদল নেতা শহিদুল ইসলামকে অবগত করলে শহিদুল ইসলাম অভিযুক্তের অপকর্মে বাধা প্রদান করেন। অপকর্মে বাধার জের ধরে নূরউদ্দিন গতকাল ৪ মে সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযোগকারী শহিদুলের ছোট ভাই মাইদুল ইসলামের বাতেনপাড়াস্থ বাঁশবাড়ী নামক রেস্টুরেন্ট গিয়ে হত্যার হুমকি প্রদান করে। 

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, বিএনপি পরিচয়ধারী নূরউদ্দিন মিজমিজি বাতানপাড়া কিংবা এর আশপাশের বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছেন। ২০২৪ এর ৫ আগস্টের পর হতে সাধারণ মানুষ বাড়িঘর নির্মাণের উদ্যোগ নেওয়া মাত্রই নূরউদ্দিন বাঁধা প্রদান করে জোরপূর্বক চাঁদা আদায় করেন। কোনোকোনো ক্ষেত্রে দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে মানুষকে বেধড়ক মারধর করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, যেকোনো অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। বিষয়টি তদন্ত করে দেখা হবে।