News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

‎ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মে ৫, ২০২৬, ১০:০৮ পিএম ‎ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদ

‎ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহনের ভাড়া বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস বন্ধের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ আজ বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও বিআইটিএ পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন।

‎পরিদর্শনকালে বাস কর্তৃপক্ষ জানান, তারা গত ২৩ এপ্রিল থেকে ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থী ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করেছেন। তবে শিক্ষার্থী ভাড়ার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে, যেমন

প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত স্টুডেন্ট ভাড়া কার্যকর থাকবে। সপ্তাহে মাত্র ৫ দিন স্টুডেন্ট ভাড়া প্রযোজ্য হবে।

‎ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও বিআইটিএ পরিচালকের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান বলেন, “ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহনের ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা নির্ধারণ করা একটি একতরফা ও লুণ্ঠনমূলক সিদ্ধান্ত। বাস মালিকরা সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা বিবেচনা না করেই যখন-তখন ভাড়া বৃদ্ধি করছেন। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও তারা ভাড়া কমান না, অথচ সামান্য অজুহাতে রাতারাতি ভাড়া বাড়ানো হয়। যাত্রীসেবা যেখানে মূল উদ্দেশ্য হওয়ার কথা, সেখানে এটি এখন লুটপাটের হাতিয়ারে পরিণত হয়েছে।

‎তিনি আরও বলেন, ২০২৫ সালের ২০ আগস্ট একইভাবে ভাড়া ৫০ টাকা থেকে ৫৫ টাকা করা হলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রশাসন ও মালিকপক্ষ আলোচনায় বসতে বাধ্য হয়। তখন সিদ্ধান্ত হয় ভাড়া ৫০ টাকা বহাল থাকবে এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ৭ দিন শর্তহীন হাফ পাস কার্যকর থাকবে। কিন্তু পরবর্তীতে ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহন সেই সিদ্ধান্ত অমান্য করে হাফ পাস কার্যক্রম বন্ধ করে দেয় এবং শিক্ষার্থীরা হাফ পাস চাইলে তাদের সঙ্গে নানান সময় তালবাহানা ও দুর্ব্যবহারও করা হয়। এটি যাত্রীদের সঙ্গে প্রতারণা ও প্রতিশ্রুতি ভঙ্গের শামিল।

‎নেতৃবৃন্দ আরও বলেন, “নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত ভাড়ার চাপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

‎তারা অবিলম্বে বর্ধিত ৫ টাকা ভাড়া প্রত্যাহার করে পূর্বের ৫০ টাকা বহালের দাবী করেন। এছাড়া সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা, কোনো শর্ত ছাড়াই সকল শিক্ষার্থীর জন্য হাফ পাস কার্যকর করতে হবে।

‎অন্যথায় নারায়ণগঞ্জের ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

‎সাক্ষাতের একপর্যায়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও বিআরটিএ পরিচালক উভয়েই আশ্বাস দেন যে, বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে শিগগিরই বৈঠক আয়োজন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।