News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:৩৮ পিএম নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি

শিল্পনগরী নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অবনতি জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। একের পর এক সহিংস ঘটনা, প্রকাশ্যে হামলা, অস্ত্র ছিনতাই, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সংঘবদ্ধ আক্রমণের মতো ঘটনাগুলো সাধারণ মানুষের নিরাপত্তাবোধকে মারাত্মকভাবে নড়বড়ে করে দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেকেই এখন নিজেদের দৈনন্দিন চলাফেরাতেও আতঙ্ক বোধ করছেন।

৫ মে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে এবং মাদকবিরোধী অভিযানে গিয়ে র‌্যাব সদস্যরা হামলার শিকার হন। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তিন সদস্য গুরুতর আহত হন। এ ধরনের ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ঘটে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা। গভীর রাতে পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া একাধিক মামলার আসামি শামীমকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয়।

এর আগে ৩০ এপ্রিল বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা পুরো জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি করে। ছিনতাইয়ের অভিযোগ তদন্তে গিয়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হন, যেখানে এক কনস্টেবলের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়।

শুধু তাই নয়, এর আগেও নিতাইগঞ্জ এলাকায় এক এএসআইকে কুপিয়ে তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি ফতুল্লার শাসনগাঁও এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে নিরীহ মানুষও হতাহত হয়।