News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

জুলাই স্তম্ভে অগ্নিকাণ্ডে একজন গ্রেপ্তার, প্রশাসনের পরিদর্শন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৯:৪৮ পিএম জুলাই স্তম্ভে অগ্নিকাণ্ডে একজন গ্রেপ্তার, প্রশাসনের পরিদর্শন

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ। এ মামলায় একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

এদিকে ২২ জুলাই দুপুরে জেলা প্রশাসক রায়হান কবির স্মৃতি স্তম্ভটি পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সঙ্গে ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহ সহ এনসিপি নেতারা।

সোমবার দিনগত রাত ৩টার দিকে চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি গণমাধ্যমে আগুন লাগার ভিডিও আপলোড হলে খবরটি জানাজানি হয়। এরপর এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে উদ্বোধন করা হয় দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এই স্মৃতিস্তম্ভের পর দেশের অন্যান্য জেলাতেও ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হয়। প্রতিটি স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানে শহীদদের নাম সংযুক্ত রয়েছে।