নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেটকারের সঙ্গে সামান্য সংঘর্ষকে কেন্দ্র করে রফিক (৪৫) নামে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাত ১১টায় শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের সিদ্ধিরগঞ্জপুর এলাকার রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রফিকের ভাগ্নের দাবি, তার মামা মাকসুদ পরিবহনের একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ঘটনার সময় অটোরিকশায় একজন নারী যাত্রী ছিলেন।
প্রাইভেটকারের সঙ্গে সামান্য সংঘর্ষের পর উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রফিককে ঘুষি মারা হয়। ঘুষির আঘাতে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। এ সময় তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে দ্রুত নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, নিহত রফিকের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার গেরাখালী এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার নাঈমের গ্যারেজ থেকে অটোরিকশা চালাতেন।
গ্রেপ্তার হওয়া নাদিমের বাড়ি সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারীপট্টি এলাকায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, অটোরিকশাচালক নিহতের ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


































আপনার মতামত লিখুন :