News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

সোনারগাঁয়ে ৪০০ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৯:৫৬ পিএম সোনারগাঁয়ে ৪০০ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে এক বিশেষ যৌথ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

অভিযানে প্রায় ৪০০টি নিষিদ্ধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সাথে অবৈধ এসব জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আনন্দ বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের উপস্থিতিতে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদার নেতৃত্বে মৎস্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আনন্দ বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালায় ভ্রাম্যমাণ আদালত। তল্লাশিকালে বিভিন্ন দোকান থেকে ৪০ বস্তা ভর্তি প্রায় ৪০০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনসম্মুখে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে এসব জাল ধ্বংস করা হয়। নিষিদ্ধ জাল মজুত ও বিক্রির অপরাধে এক দোকানিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত সাংবাদিকদের বলেন, মৎস্য সংরক্ষণ আইনে চায়না দুয়ারী জালের উৎপাদন, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই জালের ক্ষুদ্র ফাঁসে ছোট-বড় সব ধরণের মাছসহ জলজ প্রাণী ও দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মক হুমকির মুখে পড়ছে। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।