News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় হাফেজ নিহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৯:৫১ পিএম সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় হাফেজ নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ আবারও রক্তাক্ত হলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। দ্রুতগামী একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে হাফেজ মাওলানা মুফতি আল জাহিদ (৩২) নামের মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘাতক ট্রাকসহ এর চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুফতি আল জাহিদ কুমিল্লার বুড়িচং থানার নয়কামতা গ্রামের মো. শাহ-আলম মিয়ার একমাত্র সন্তান।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গত বুধবার সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকার একটি মাদ্রাসার ইসলামিক জলসায় অতিথি হিসেবে অংশ নেন মুফতি জাহিদ। প্রোগ্রাম শেষ হতে গভীর রাত হয়ে যাওয়ায় তিনি রাতে ওই মাদ্রাসাতেই অবস্থান করেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় নিজের মোটরসাইকেল নিয়ে কুমিল্লার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। মোটরসাইকেলটি মহাসড়কের পিরোজপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক বাইকটিকে ধাক্কা দেয়। এতে তিনি বাইক থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় নিশ্চিত করেন তার শ্বশুর। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। আবেগাপ্লুত কণ্ঠে নিহতের শ্বশুর বলেন, আমার মেয়ের জামাই গতকাল প্রোগ্রামে এসেছিল। সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ ফোন দিয়ে জানাল এই মর্মান্তিক খবর। আমার ৪ বছরের একটি নাতনি আছে, আর মেয়েটি বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা। এই অবুঝ শিশু আর অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে আমি এখন কোথায় দাঁড়াব? আমি এই দুর্ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট কাজল কান্তি নাথ জানান, দুপুর ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে ঘাতক ট্রাকসহ এর চালককে আটক করা সম্ভব হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।