News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শহরে নেটের তারে ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি, বাড়ছে দুর্ঘটনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১০:০৯ পিএম শহরে নেটের তারে ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি, বাড়ছে দুর্ঘটনা

নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে বিদ্যুতের খুঁটি ব্যবহার করে বছরের পর বছর ব্যবসা করছেন ইন্টারনেট ব্যবসায়ীরা। এসব তার এমনভাবে টানা হচ্ছে, যা নারায়ণগঞ্জ নগরীর প্রধান প্রধান সড়কের সৌন্দর্য নষ্ট করছে। এসব তারের জঞ্জালের কারণে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে শুরু করে তারে আগুন লেগে বড় ধরনের বিপদ ডেকে আনছে। গত তিনদিনের ব্যবধানে শহরের বিবি রোডে সাধু পৌলের গীর্জার সামনে ও সবশেষ ১২ সেপ্টেম্বর সকালে দুই নং রেল গেট এলাকাতে খুঁটিতে অগ্নিকা-ের ঘটনা ঘটে।

জানা গেছে, নারায়ণগঞ্জ নগরীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অর্ধশতাধিক ইন্টারনেট কোম্পানির তার। বেশিরভাগ কোম্পানি নিয়ন্ত্রণ হচ্ছে রাজধানী ঢাকা থেকে। নগরীতে এসব কোম্পানির হাজার হাজার গ্রাহক রয়েছে। ৫শ’ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন পাঁচশ’ টাকা পর্যন্ত মাসিক ভাড়া গুনতে হচ্ছে গ্রাহককে। প্রতিনিয়ত এ লাইনের সংখ্যা বেড়েই চলছে। এ কারণে বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে টেলিফোন এবং সিটি করপোরেশনের লাইটের খুঁটি বছরের পর বছর ব্যবহার করছে এসব কোম্পানি। এতে বিদ্যুতের কোনও সমস্যা হলে ওই তারের কারণে খুঁটিতে উঠানামা করা বিদ্যুৎ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের সমস্যায় পড়তে হয়। আর ইন্টারনেট পরিষেবা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতারা ও তাদের বাহিনী। এসব কারণে বিদ্যুৎ ও টেলিফোন অফিসের কর্মকর্তারা বছরের পর বছর মুখ খুলতে পারছিলেন না।

কয়েকজন ইন্টারনেট ব্যবসায়ী জানান, এখন প্রযুক্তির যুগ। একটা সময় প্রতিটি ঘরে ইন্টারনেটের লাইন থাকবে। এ ব্যবসাটা চলবে আজীবন। সরকারও বিপুল অঙ্কের ভ্যাট পাবে। সরকার থেকে বিদ্যুতের খুঁটির পরিবর্তে আলাদা কোনও ব্যবস্থা করলে ব্যবসায়ীদেরও সুবিধা হবে। বিদ্যুতের খাম্বায় উঠে ইন্টারনেট লাইনের কাজ করতে গিয়ে অনেক কর্মী আহত হয়েছে।

বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা জানান, তার টানা বাবদ বিদ্যুৎ অফিস কিংবা সিটি করপোরেশনকে কিছুই দেয় না ইন্টারনেট কোম্পানিগুলো। অথচ তাদের কারণে খুঁটিসহ বৈদ্যুতিক তারে সমস্যা সৃষ্টি হচ্ছে। এদের কারণে বৈদ্যুতিক তারে আগুনের ফুলকি দেখা যায়।