News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ইসলামী দল হিসেবে স্বীকৃতি না থাকায় হেফাজত ইসলামে পদ পায়নি জামায়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৯:০২ পিএম ইসলামী দল হিসেবে স্বীকৃতি না থাকায় হেফাজত ইসলামে পদ পায়নি জামায়াত

হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঐতিহাসিক ডিআইটি মসজিদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা ও মহানগরীর পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয়।

তবে এই কমিটিতে জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও খেলাফত আন্দোলন সহ বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের পদ পেলেও জামায়াতে ইসলামীর কাউকে কোনো পদ দেয়া হয়নি।

আর এই বিষয়ে জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেন, আমাদের উলামায়ে দেওবন্দের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত মতে জামায়াতে ইসলামকে আমরা ইসলামী দল হিসেবে স্বীকৃতি দেইনি বিধায় তাদের হেফাজতে ইসলামের কমিটিতে নিতে পারি নাই। তারা যতদিন পর্যন্ত নিজেদের ইসলামী দল হিসেবে নিজেদের অবস্থান পরিস্কার না করবে ততদিন আমরা তাদের ব্যাপারে সেভাবেই থাকবো।

হেফাজত ইসলামের জেলা কমিটিতে সভাপতি করা হয়েছে ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালকে। তিনি কেন্দ্রীয় কমিটিরও নায়েবে আমীর। এর আগেও জেলা কমিটির সভাপতি ছিলেন। সেই সাথে আমলাপাড়া মাদরাসার মাওলানা আব্দুল কাদেরকে জ্যেষ্ঠ সহ সভাপতি, মাদানীনগর মাদরাসার মুফতি বশির উল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

একই সাথে যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান (সোনারগাঁ), অর্থ সম্পাদক মাওলানা খোরশেদ আলম কাসেমী এবং প্রচার সম্পাদক মুফতি শেখ শিব্বিরের নাম ঘোষণা করা হয়েছে।

এদিকে হেফাজতে ইসলামের মহানগর কমিটির সভাপতি হয়েছেন মুফতি জাকির হোসেন কাসেমী, অন্যদিকে সাধারণ সম্পাদক করা হয়েছে দেওভোগ মাদরাসার মাওলানা আব্দুর রহমানকে। এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশীদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ ইবনে আউয়াল।

জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেন, আমরা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো সামনের দিকে এগিয়ে যাবো। সেই সাথে ইসলামের বিপক্ষে যারা থাকবে তাদের দাঁত ভাঙ্গা জওয়াব দেয়ার জন্য হেফাজতে ইসলাম আছে এবং থাকবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য কাজ করে যাবো।