সংগঠনের নাম ভেঙ্গে বাসস্ট্যান্ড ও বাস চালকদের নিকট চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং ঢাকা-৩৮১০) এর সকল প্রকার কার্যক্রম স্থগিত করে বিভাগীয় শ্রমদপ্তরের পরিচালক, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট আবেদন চিঠি দেয়া হয়েছে। একই সাথে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় দেয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়েছে।
জানা গেছে, জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং ঢাকা- ৩৮১০) এর সভাপতি মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা ভান্ডারী স্বাক্ষরিত চিঠি তিনটি দপ্তরে দেয়া হয়েছে।
এতে জানা যায়, জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং ঢাকা- ৩৮১০) সংগঠনটি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভাপতি অসুস্থ হওয়ায় সংগঠনটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এই সুযোগে তথাকথিত অ-শ্রমিক একটি কুচক্রীমহল নামে-বেনামে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনকি মেট্রো হল বাসস্ট্যান্ড ও চাষাড়া হতে দূরপাল্লার বাস চালকদের নিকট ও অন্যান্য জায়গায় চাঁদাবাজি করছে বলতে শোনা যাচ্ছে।
যেহেতু সংগঠনটির সভাপতি মো. আবু তাহের অসুস্থ্যতায় ভুগছে বিধায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সকল প্রকার কার্যক্রম আপাতত স্থগিত করা হলো। যদি সংগঠনের নামে কোন তথাকথিত অ-শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে কোন জায়গায় চাঁদাবাজি ও শ্রমিক হয়রানী করে এবং সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় দেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।





































আপনার মতামত লিখুন :