News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

কাশিপুরে ডাকাত প্রতিরোধের ঘোষণা আমিনুলের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৮:৩৬ পিএম কাশিপুরে ডাকাত প্রতিরোধের ঘোষণা আমিনুলের

নারায়ণগঞ্জের কাশিপুরে ডাকাত প্রতিরোধের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক আমিনুল ইসলাম।

শুক্রবার বিকেলে কাশিপুর ইউনিয়ন এনসিপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রায় হাজার খানেক লোকজন জড়ো করে মিছিল করেন তিনি। মিছিল শেষে বক্তব্যে ডাকাত, সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধের ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন এই নেতা।

আমিনুল ইসলাম কাশিপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আছেন। এই মিছিল এবং সন্ত্রাস প্রতিরোধের ঘোষণা দিয়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। সেই সাথে এই অঞ্চলে অপরাধ নিয়ন্ত্রকদের প্রধান প্রতিপক্ষ হিসেবেও নিজেকে সামনে তুলে ধরেছেন তিনি। যা তার জন্য একদিকে যেমন নেতৃত্ব গঠনে ভুমিকা রাখবে, তেমনি তার নিরাপত্তা ঝুঁকিও বাড়িয়ে দিবে।

শুক্রবার বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যকালে আমিনুল ইসলাম বলেন, ‘আজকের পর থেকে যদি কেউ চাঁদাবাজি করে, আপনারা থানায় অভিযোগ করবেন। যদি তারা অভিযোগ গ্রহণ না করে, আমাদের জানাবেন। আমরা এর দাঁতভাঙা জবাব দেব। প্রশাসন যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে, তাহলে যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে আমরা একটি ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, সেভাবেই এই কাশীপুর থেকে ডাকাত ও সন্ত্রাসীদের বিতাড়িত করব, ইনশাআল্লাহ।

এর আগে, গত ১২ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ কাশিপুরে সন্ত্রাস ও ডাকাত শহিদ বাহিনীর বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এমপি আবদুল্লাহ আল আমিন। তিনি বলেন, ‘ফতুল্লার কাশিপুর এলাকায় বড় একটি সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি। এখানে একজনের নাম উল্লেখ করতেই হয় সেটা হচ্ছে শহীদ ওরফে ডাকাত শহীদ গ্যাং। এই অপরাধীর নাম প্রতিনিয়ত পত্রিকায় পাবেন। কিন্তু তার বিরুদ্ধে কোন স্টেপ নেয়া হচ্ছে না। প্রশাসন চাইলে বলতে পারে মিডিয়ায় যা বলছে তা মিথ্যা, আসলে উনি ভালো মানুষ। কিন্তু একজন ব্যক্তির বিষয়ে মাসের পর মাস অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ উঠছে আর প্রশাসন যদি নীরব থাকে তখন প্রশাসনের উপর জনগনের আস্থা কমতে শুরু করে।

তার এই বক্তব্যের পর ডাকাত শহিদের অনুসারীরা কাশিপুর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে এমপির বিরুদ্ধে। সেখানে এমপির হাত ভেঙ্গে দেয়ার হুমকি দেয় ডাকাত শহিদের অনুসারীরা। প্রকাশ্যে একজন এমপিকে ডাকাত গ্রুপের সহযোগীরা হুমকি দেয়ার ঘটনায় জেলাজুড়ে নিন্দার ঝড় উঠে। সেই সাথে প্রশ্ন উঠে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

হুমকির বিষয়ে জেলা ও মহানগর এনসিপি কোন প্রতিক্রিয়া না দেখালেও শুক্রবার কাশিপুর ইউনিয়ন এনসিপির নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ জানায়। যেখানে প্রায় হাজার খানেক বাসিন্দা একত্রিত হয়ে সন্ত্রাস বিরোধী মিছিল করে ডাকাত গ্রুপকে প্রতিহত করার ডাক দেয়। দীর্ঘদিন যাবত কাশিপুর অঞ্চলের মানুষ ডাকাত শহিদ ও তার অনুসারীদের দ্বারা অত্যাচারের শিকার। কেউ ভয়ে তার বিরুদ্ধে কিছু বলতে পারতো না। নতুন করে প্রতিরোধ গড়ে তোলার ঘটনায় কাশিপুরে নতুন করে আশার আলো জেগেছে বাসিন্দাদের মাঝে।