নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ির পাশে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক নারী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ, বসতবাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার (৫ সেপ্টেম্বর) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর সেনপাড়া এলাকার বাসিন্দা নাসরিন আক্তার।
অভিযোগে নাসরিন আক্তার দাবি করেন, শনিবার দুপুরে সেনপাড়ার চিহ্নিত মাদক কারবারি মো. নুরুল হক (৫০), তার দুই ছেলে মো. সজিব (২৬) ও মো. সুমন (৩০)সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ দীর্ঘদিন ধরে তার বাড়ির আশপাশে মাদক সেবন ও কেনাবেচা করে আসছেন। এতে অতিষ্ঠ হয়ে তিনি ও স্থানীয়রা একাধিকবার তাদের বাধা দিলেও তারা উল্টো গালিগালাজসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। এমনকি তার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে বাড়িতে নিক্ষেপের ঘটনায় ভবনের ১০টি থাই গ্লাস ভেঙে যায় এবং এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
নাসরিনের অভিযোগ, হামলার সময় তাকে বাড়ির ভেতরে থাকতে বাধা দেওয়ার পাশাপাশি তাকে ও পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের প্রকাশ্য হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগকারী আরও জানান, ঘটনার পরবর্তী অবস্থার ভিডিও প্রমাণ তার কাছে সংরক্ষিত রয়েছে। অভিযুক্তরা যেকোনো সময় পুনরায় বাড়িঘরে হামলা ও ভাঙচুরসহ তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারে।
সোনারগাঁ থানার এসআই আরিফ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।






































আপনার মতামত লিখুন :