News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

নারায়ণগঞ্জে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের পথসমাবেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৯:১৭ পিএম নারায়ণগঞ্জে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের পথসমাবেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে সাম্রাজ্যবাদী ও যুদ্ধবিরোধী জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বুধবার বিকাল ৫ টায় ২নং রেল গেইট ও প্রেস ক্লাবের সামনে পথসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

জোট নেতা কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিবনাথ চক্রবর্র্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম শাহীন, সিপিবি নেতা দুলাল সাহা, আব্দুল হাই শরীফ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আল মামুন. ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার।

নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ একটি অসম, একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি, যা বাংলাদেশের অর্থনীতি, কৃষি-শিল্প, কর্মসংস্থান, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ও ঝুকিতে ফেলবে। চুক্তির বিভিন্ন ধারায় বাংলাদেশের ওপর শুল্ক ও শুল্ক-বহির্ভূত বাধ্যবাধকতা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একক সুবিধা নিশ্চিত করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকার তার এখতিয়ার বহির্ভূতভাবে নির্বাচনের মাত্র ৩ দিন আগে এই চুক্তি স্বাক্ষর করেছে, যা গণতান্ত্রিক রীতিনীতি ও সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদের পরিপন্থি। নেতৃবৃন্দ ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা, ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানান।

নেতৃবৃন্দ সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট আহূত ২৭ এপ্রিল সংসদ অভিমুখে বিক্ষোভ ও জাতীয় সংসদের স্পীকারের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করার আহবান জানান।