নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুরে হত্যা মামলার আসামি ও এক আওয়ামী লীগ নেতার সঙ্গে সখ্যতার অভিযোগকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে জামপুর ইউনিয়নের একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. গোলজার প্রধান। ওই একই অনুষ্ঠানে অতিথি করা হয় স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট হত্যা মামলার আসামি রাসেল আহমেদ খোকনকে।
অভিযোগ উঠেছে, মাহফিল শেষে গোলজার প্রধান ও রাসেল আহমেদ খোকনকে একসঙ্গে দেখা যায় এবং পরবর্তীতে তারা বস্তল এলাকায় সড়কের পাশে অবস্থান নেন।
বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের নজরে এলে তারা যৌথভাবে ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হত্যা মামলার আসামি রাসেল আহমেদ খোকন কৌশলে পালিয়ে যান।
এরপরই ঘটনাস্থলে উপস্থিত গোলজার প্রধান ও তার সমর্থকদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হন।
তবে নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মো. গোলজার প্রধানের পক্ষ। তার একজন প্রতিনিধি দাবি করেন, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আমরা সড়কে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। এ সময় যুবদল নেতা সামির হোসেনসহ ৫-৬ জন মোটরসাইকেল নিয়ে গোলজার প্রধানের গাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমাদের লোকজন এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদের সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে দাবি করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপঙ্কর ঘোষ এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।














(49)-20261128145427.jpg)














-20261128142443.jpg)




আপনার মতামত লিখুন :