আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পদধারী কাউকে ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। একই সাথে তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে রয়েছেন। রোববার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই ঘোষণা দেন।
এদিন কেন্দ্রীয় নির্দেশনায় আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলছে। আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে আমি নির্দেশনা দিচ্ছি; আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। প্রতিটি পাড়া মহল্লায় দেখবেন কোনো দোসর আছে কিনা। তাদেরকে ধরে আমাকে ফোন দিবেন। আমরা পুলিশ পাঠিয়ে তাদেরকে জেলে ভরবো। তবে কেউ আইন হাতে তুলে নিবেন না।
তিনি আরও বলেন, আপনারা সসম্মানে তাদেরকে পুলিশের হাতে তুলে দিবেন। যদি কোনো পদধারী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে ধরিয়ে দিতে পারেন তাহলে তার জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আপনারা প্রতিদিন মাঠে থাকবেন। রুটিন করে কর্মসূচি পালন করবেন। বাংলার মানুষ বিএনপির সাথে আছে; তারেক রহমানের সাথে আছে।
যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর বিএনপির সদস্য শওকত হাসেম শকু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা ও বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।














(49)-20261128145427.jpg)














-20261128142443.jpg)




আপনার মতামত লিখুন :