নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা শোকজের জবাব দিয়েছেন।
গত ২৬ নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান স্বাক্ষরিত চিঠিতে আবুল কাউসার আশাকে শোকজ করা হয়।
জবাবে আবুল কাউসার আশা লিখেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন পরীক্ষিত কর্মী। আমি বিভিন্ন সময়ে দলের বিভিন্ন পদে থেকে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি এবং বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবি মামলায় আমি কারাভোগ করেছি এবং অসংখ্যবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে আমি আজও কর্মী-সমর্থকদের সাথে নিয়ে রাজপথে সক্রিয় রয়েছি।
আপনাদের নোটিশে উল্লিখিত ব্যক্তিবর্গের প্রকৃত সামাজিক এবং রাজনৈতিক অবস্থার বিবরণ নিম্নে দেওয়া হলো আক্তার হোসেন মোল্লা মদনপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের একজন নির্বাচিত জনপ্রতিনিধি (মেম্বার)। নির্দলীয়ভাবে নির্বাচন করে মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এখানে উল্লেখ্য যে, উনি কখনো আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। মেম্বার হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় সংসদ সদস্যের সাথে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যোগাযোগ রাখতে হয়েছে যা কোনোভাবেই দলীয় নেতা হওয়ার প্রমাণ বহন করে না।
হাবিবুর রহমান : ধামগড় ইউনিয়ন ৫নং ওয়ার্ডের তিন বার নির্বাচিত মেম্বার হাবিবুর রহমান। তিনি বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। বিভিন্ন সময়ে দলের বিভিন্ন পদে ছিলেন তিনি যার প্রমাণ অত্র পত্রের সাথে সংযুক্ত করা হলো। বর্তমানে তিনি বিএনপির বন্দর উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।
মোঃ আইয়ুব মেম্বার : তিনি ধামগড় ইউনিয়ন ৭নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার। যিনি পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। কিন্তু বিগত ২৪/০৭/২০২৪ ইং তারিখে ধামগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতারকৃত মোঃ সালাউদ্দিনকে বন্দর থানা থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে নিয়ে আসার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। যার প্রমাণ অত্র পত্রের সাথে সংযুক্ত করা হলো। সেই সাথে উক্ত ঘটনার সত্যতাস্বরূপ বন্দর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান বাদল স্বাক্ষরিত প্রত্যয়ন পত্রও সংযুক্ত করা হলো।
প্রকৃত ঘটনা হচ্ছে আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে স্থানীয় পর্যায়ে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে জাতীয় নির্বাচনের মতো দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে।
এছাড়া ৫ আগস্টের পর কিছু রাজনৈতিক ব্যক্তি মামলা-বাণিজ্য এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ও মাদক ব্যবসায়ীদের জামিনের ব্যবস্থা করে দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দল ও সমাজের ক্ষতি করেছে। তাদের বিরুদ্ধে আমার শক্ত অবস্থানের কারণে আমি তাদের চক্ষুশূলে পরিণত হয়েছি।
অতএব, আপনাদের দায়িত্বশীল পদে থাকার কারণে বিনীত আবেদন, ঐসকল সুবিধাবাদী ব্যক্তিবর্গকে দল ও সমাজের শত্রু হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এই জবাবের আলোকে আমি আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছি। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
এর আগে শোকজে উল্লেখ করা হয়, আপনি দলের গুরুত্বপূর্ন পদে থেকেও দল ও সরকারের ভাবমূর্তির কথা চিন্তা না করে পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগের পদধারী ও গত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলের গডফাদার শামীম ওসমান পরিবারের সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদেরকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিজের হীন স্বার্থে সরকারের গুরুত্বপূর্ন কাজে সংশ্লিষ্ট করে ও নিজের মিছিল মিটিংয়ে গুরুত্ব দিয়ে মূল্যায়ণ করেন, তাদের মধ্যে বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন মোল্লা ও ধামগড় ইউনিয়নে বসবাসকারী শেখ রাসেল ক্রীড়া একাডেমী কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান মেম্বার এবং বন্দর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বার সহ অন্যান্যদের সাথে বিভিন্ন ছবি তার প্রমাণ করে। যার কারণে দলের ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করেছেন এবং দলের ও সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছেন।
যার কারণে বন্দর এলাকায় দল ও সরকারের প্রতি জনগণের বিরুপ মনোভাব তৈরি হয়েছে। আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে গভীর সম্পর্ক রেখে নিজের ও দলের সাংগঠনিক অবস্থা এবং দলের নেতাকর্মীদের মনে রক্ত ক্ষরণ করে তাদেরকে মানসিকভাবে দুর্বল করেছেন, যা দলের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিপদজনক। উক্ত রূপে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হলে আপনার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


































আপনার মতামত লিখুন :