ডিসেম্বর মাস ঘিরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে যাচ্ছে ক্ষমতাসীন বিএনপি। বিজয়ের মাসে দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ও আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা মোকাবিলায় মাসজুড়েই রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে দলটি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার বার্তা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতাদের কাছেও কেন্দ্রীয় নির্দেশনা পৌঁছানোর আভাস পাওয়া যাচ্ছে।
দলীয় সূত্রমতে, ডিসেম্বর মাসে বিএনপির জন্য একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি সফল করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও মাঠে সক্রিয় থাকতে হতে পারে। বিশেষ করে যেসব নেতার নিজস্ব কর্মী-সমর্থক ও সাংগঠনিক বলয় রয়েছে, তাদের নিজ নিজ অবস্থান থেকে নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকার তাগিদ দেওয়া হতে পারে।
ইতোমধ্যে আগামী ১ ডিসেম্বর ঢাকায় বড় ধরনের সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিজয়ের মাসের কর্মসূচির সূচনা উপলক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। ২৬ নভেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির কথা জানান।
এদিকে ডিসেম্বরজুড়ে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বর্ষপূর্তি এবং ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে দলটির একাধিক আয়োজন রয়েছে। পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগেও সমাবেশ, বিজয় র্যালি, পদযাত্রা ও অন্যান্য কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতেও ডিসেম্বরকে ঘিরে নতুন তৎপরতার সম্ভাবনা দেখা যাচ্ছে। জেলা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাদের সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার প্রয়োজনীয়তা সামনে আসছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি স্থানীয় পর্যায়েও কর্মসূচি বাস্তবায়নে নেতাদের দায়িত্ব বণ্টন করা হতে পারে।
বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যেসব নেতা দীর্ঘদিন ধরে নিজ নিজ বলয়কেন্দ্রিক রাজনীতি পরিচালনা করছেন, তাদেরও দলীয় কর্মসূচিতে সম্পৃক্ত রাখার উদ্যোগ নেওয়া হতে পারে। শুধু পদধারী নেতারাই নন, পদবঞ্চিত ও পদবিহীন প্রভাবশালী নেতাদেরও মাঠে সক্রিয় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
অন্যদিকে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও দলটির নেতাকর্মীদের নামে বিভিন্ন স্থানে ঝটিকা কর্মসূচি, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। ডিসেম্বর মাসে এসব কর্মকাণ্ডের আশঙ্কা বিবেচনায় নিয়ে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তবে কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ক্ষমতায় আসার পর বিএনপির জন্য প্রথম বিজয়ের মাস ডিসেম্বর সাংগঠনিক শক্তি প্রদর্শনেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ মাসে কেন্দ্রীয় কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি, স্থানীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতা এবং রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দলটির ভূমিকা বিশেষভাবে আলোচিত হবে। নারায়ণগঞ্জের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলায় বিএনপির শীর্ষ নেতাদের মাঠে উপস্থিতি এবং নিজেদের মধ্যে সমন্বয় কতটা দৃশ্যমান হয়, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে ডিসেম্বর ঘিরে নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে দলীয় কর্মসূচি সফল করা, সাংগঠনিক ঐক্য ধরে রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করা। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জেলা ও মহানগর পর্যায়ের নেতারা কতটা সক্রিয় হন, তা নিয়েই এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।














(49)-20261128145427.jpg)














-20261128142443.jpg)




আপনার মতামত লিখুন :