News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ তিন কারখানার বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ০৮:২৭ পিএম বন্ধ তিন কারখানার বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ

ফতুল্লার টাগারপাড় শিল্পাঞ্চলে অবস্থিত বন্ধ ইউনাইটেড এ্যাপারেল কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসের বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধ ও কারখানা পুনরায় চালু করা এবং বন্ধ সেঞ্চুরি এ্যাপারেলস লিমিটেড ও রিচ প্লাস নীটওয়্যার লিমিটেডের শ্রমিকদের আইনানুগ যাবতীয় পাওনাদি পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসভাপতি হাসনাত কবির, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগ, গাবতলী পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন এবং সেঞ্চুরি এ্যাপারেলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-২১) সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফতুল্লার টাগারপাড় শিল্পাঞ্চলে অবস্থিত ইউনাইটেড এ্যাপারেল কম্পোজিট লিমিটেডের মালিক গত ১ সেপ্টেম্বর শ্রমিকদের দুই মাসের বকেয়া মজুরি পরিশোধ না করেই সম্পূর্ণ বেআইনিভাবে কারখানা বন্ধ করে দেন। অন্যদিকে, গত জুন ২০২৬ মাসে সেঞ্চুরি এ্যাপারেলস লিমিটেড বেআইনিভাবে কারখানা বন্ধ করে শ্রমিকদের আইনানুগ পাওনাদি পরিশোধ করেনি। একইভাবে রিচ প্লাস নীটওয়্যার লিমিটেড গত ২০ অক্টোবর শ্রমিকদের আইনানুগ যাবতীয় পাওনা পরিশোধ না করেই কারখানা বন্ধ করে দেয়।

নেতৃবৃন্দ বলেন, তিনটি কারখানার শ্রমিকেরা তাঁদের ন্যায্য পাওনা আদায়ের জন্য সংশ্লিষ্ট মালিকপক্ষ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিল্প পুলিশ সুপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ), বিভাগীয় শ্রম দপ্তর, বিকেএমইএ এবং ফতুল্লা থানাসহ বিভিন্ন শ্রমসংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ ও দাবিনামা পেশ করেছেন। কিন্তু দুঃখজনকভাবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা বারবার সমাধানের আশ্বাস দিলেও আজ পর্যন্ত শ্রমিকদের পাওনা আদায়ে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেননি। বারবার সময় নিয়েও মালিকপক্ষ পাওনা পরিশোধ করছে না। প্রশাসন, ডাইফ ও বিকেএমইএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের এমন নিষ্ক্রিয়তা শ্রমিকদের সংকটকে আরও গভীর করছে।

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রমিকেরা তাঁদের শ্রমের বিনিময়ে উৎপাদন করে মালিকদের মুনাফা অর্জনের সুযোগ করে দেন। অথচ সেই শ্রমিকদের ন্যায্য মজুরি ও আইনানুগ পাওনা চাইতে গিয়ে দিনের পর দিন দপ্তরে দপ্তরে ঘুরতে হচ্ছে। বকেয়া মজুরি ও পাওনা না পাওয়ায় শ্রমিকেরা বাড়িভাড়া, মুদি দোকানের বকেয়া বিল পরিশোধ করতে পারছেন না। সন্তানের লেখাপড়ার খরচ, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে গিয়ে তাঁরা চরম মানবিক সংকটে পড়েছেন। একদিকে দেশে বেকারত্ব বাড়ছে, অন্যদিকে কারখানা বন্ধ করে শ্রমিকদের পাওনা আটকে রেখে মালিকেরা তাঁদের জীবন-জীবিকাকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছেন।