নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর আসামি শাহিন ওরফে স্বর্ণকার শাহিন প্রকাশ্যে সংবাদ সম্মেলন করলেও তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রধান আসামি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, সংবাদ সম্মেলন করছেন; অথচ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না।
বুধবার (২৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসও রোডের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন শাহিন।
এর আগে হিরাঝিলে বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় তার নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ ওঠে। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগী পরিবার ভাঙা বাড়ির সামনে তার ছবি সংবলিত ব্যানার টানিয়ে মানববন্ধনও করেছে।
ভুক্তভোগী সুলতানা, জহুরা ও গোলাম মোস্তাফা অভিযোগ করে বলেন, ঘটনার রাতে তারা সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে লোকজন এসে বুলডোজার দিয়ে তাদের বাড়ি গুঁড়িয়ে দেয়।
ঘটনার সময় উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তারেক সুমন বলেন, ‘আমরা তিনজন পুলিশ সদস্য ছিলাম। অন্যদিকে তাদের সঙ্গে দেশীয় অস্ত্রসহ ৮০ থেকে ৯০ জন লোক ছিল। এ কারণে আমরা কিছু করতে পারিনি। তাছাড়া আমরা আসার আগেই বাড়িটি ভেঙে ফেলা হয়েছিল।’
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এরপরও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘শাহিনকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’
বাড়ি ভাঙচুরের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। তাদের মধ্যে জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক গোলাম মোস্তফা সুমন মুন্সী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মাহবুব হোসেন ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল কাদির গত বুধবার নারায়ণগঞ্জ আদালত থেকে জামিন নিয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রে সজ্জিত একদল লোক বুলডোজার দিয়ে টিনশেড বসতবাড়িটি গুঁড়িয়ে দেয়। ভুক্তভোগী মোসা. সুলতানা ওমর স্বাধীনার দাবি, প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা মূল্যের সাড়ে ১২ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে চালানো এ হামলায় তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ভাঙা বাড়ির ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ভুক্তভোগী পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। অপরাধী যত প্রভাবশালীই হোক, তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিতে ভাঙা বাড়ির স্থানে চারটি টিনশেড কক্ষ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন।









(49)-20261128145427.jpg)
-20261128142443.jpg)
























আপনার মতামত লিখুন :