একসময় নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে প্রভাবশালী নেতা ছিলেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তবে বর্তমান বিএনপির রাজনীতিতে তার কোনো অংশগ্রহণ নেই। বরং তিনি বিএনপি থেকে বহিস্কৃত হয়ে বিএনপির রাজনীতির বিপরীতেই হাঁটছেন। তারপরও তৈমূর আলম খন্দকারের অনুসারীরা মনে করেন, একসময় তিনি হয়তো বিএনপির রাজনীতিতে ফিরবেন। কিন্তু প্রকৃতপক্ষে বর্তমানে তৈমূর আলম খন্দকার বিএনপির পাঠ্যসূচির বাইরে রয়ে গেছেন। তাকে নিয়ে আপাতত কেন্দ্রীয় বিএনপি কোনো রকমের চিন্তা করছেন না।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় নীতিমালা অমান্য করার দায়ে তিনশর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কারের খড়গ নেমে এসেছিল বিএনপির। এদের মধ্যে প্রভাবশালী ৯১ জন স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে ভোটে অংশ নিয়েছিলেন। যে তালিকায় নারায়ণগঞ্জ বিএনপির অনেকেই ছিলেন। এরই মধ্যে বহিষ্কৃতদের দলে ফিরিয়ে আনতে এবার শাস্তির আদেশ তুলে নেওয়ার পদক্ষেপ নিয়েছে সরকারে থাকা দলটি।
দলীয় কোন্দল ও বিভক্তি কাটিয়ে উঠতেই এ কৌশল নিয়েছে বিএনপি, যাতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করা যায়। যাদেরকে দলে নিতে পারেন এরকম একটি তালিকাও প্রকাশ হয়েছে গণমাধ্যমে। কিন্তু এই তালিকার কোথাও নেই নারায়ণগঞ্জ বিএনপির একসময়ের প্রভাবশালী নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের সাথে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় বিএনপি কিছুদিনের মধ্যেই সাংগঠনিক কার্যক্রমের দিকে নজর দিবে। যে সকল কমিটি অনেকদিন হয়ে গেছে কিংবা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে প্রাথমিকভাবে সে সকল কমিটি বিলুপ্ত করে দেয়ার চিন্তা করছে। সেই সাথে বর্তমানে এসকল কমিটিতে যারা আছেন তাদের অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। শীর্ষ পর্যায়ের নেতারাই রাষ্ট্রের বিভিন্ন পদে রয়েছেন। যার কারণে তাদের অনেক ব্যস্ততা বেড়েছে।
সাংগঠনিক কার্যক্রমে তাদের নজর দেয়া কষ্টকর হয়ে যাচ্ছে। একই সাথে পদে থাকা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অনেকেই বিভিন্ন বিতর্কিত কর্র্মকান্ডে জড়িয়ে গেছেন। এসকল বিষয়কে কেন্দ্র করে আগের কমিটিগুলো বিলুপ্ত করা হবে। রাজধানী ঢাকা সহ আশপাশের জেলা ও মহানগর থেকেই এই প্রক্রিয়া শুরু করা হবে। কিন্তু এসকল প্রক্রিয়ার কোথাও যেন তৈমূর আলম খন্দকারের নাম নেই।
জানা যায়, ১৯৯৬ সালে তৈমুর নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হওয়ার ইচ্ছা পোষণ করলেও শামীম ওসমানের কারণে তা আর হয়ে ওঠেনি। পরে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। সে সময় চাষাঢ়ায় অবস্থিত শহীদ জিয়া হলের নাম পরিবর্তনের তীব্র বিরোধিতা করে আলোচনায় আসেন তৈমুর। সেই বছরই নিস্ক্রিয় আবুল কালামকে সরিয়ে শহর বিএনপির সভাপতি পদ দেওয়া হয় তৈমুর আলম খন্দকারকে।
বিএনপিতে যোগদানের পর শামীম ওসমানের সঙ্গে বিরোধ আরও জোরালো হয়। শহরের শায়েস্তা খান সড়কে তৈমুরের চেম্বার থাকলেও শামীম ওসমানের সঙ্গে বিরোধের কারণে ১৯৯৭ সালে নারায়ণগঞ্জ ছেড়ে ঢাকায় আইন পেশায় যুক্ত হন। ওই সময় একটি রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে গ্রেপ্তার হয়ে রাজনীতিতে আলোচনায় উঠে আসেন। ২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ঘটনায় তৈমুর আলমকে প্রধান আসামি করা হয়।
২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর তৈমুর আলম খন্দকার বিআরটিসির চেয়ারম্যান হন। এর আগে তিনি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। ২০০৩ সালে তৈমুরকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক করা হয়। ২০০৭ সালে ওয়ান ইলেভেনের পর যৌথ বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে আটটি মামলা দায়ের করা হয়, যার মধ্যে একটি মামলায় ১২ বছরের জেল হয়। পরে অবশ্য ২০০৯ সালের মে মাসে তিনি মুক্তি পান।
ওই বছরের জুন মাসে তৈমুরকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। বছরের শেষ দিকে ২৫ নভেম্বর সম্মেলনের মাধ্যমে তৈমুর হন জেলা বিএনপির সভাপতি। একই সঙ্গে তাঁকে কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলার ১৮ দলীয় ঐক্যজোটের আহ্বায়ক করা হয়। ২০১১ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছিলেন তৈমুর। বিএনপি প্রথম দিকে তাঁকে সমর্থন দিলেও ভোটের মাত্র ৭ ঘণ্টা আগে দলীয় চেয়ারপারসনের নির্দেশে তিনি নির্বাচন থেকে সরে আসেন।
পরবর্তীতে দীর্ঘ বছর পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে গতি ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২১ সালের ৩০ ডিসেম্বর আবারও অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে আহ্বায়ক এবং অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেই সাথে তার নেতৃত্বে জেলা বিএনপির রাজনীতিতে গতিও আসে।
এরপর ২০২২ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নাসিক নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র (হাতি প্রতীক) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেন তিনি। এর জেরে প্রথমে চেয়ারপারসনের উপদেষ্টার পদ হারান এবং পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হন। কিন্তু তৈমূরের অভিযোগ ছিলো; দল তাকে নির্বাচনে অংশ নেয়ার কথা বলেছিলো।
২০২৩ সালের সেপ্টেম্বরে শমসের মবিন চৌধুরীর সাথে মিলে ‘তৃণমূল বিএনপি’তে যোগ দেন এবং দলটির মহাসচিব নির্বাচিত হন। ২০২৪ সালের জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে অংশ নিয়ে পরাজিত হন। এই সিদ্ধান্তের কারণে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল বিএনপির কার্যক্রম স্থবির হয়ে পড়লে তৈমূর আলম খন্দকার সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন এবং বিভিন্ন সমাজিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে পুরনো ও বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হলেও এতে তৈমূর আলম খন্দকারের দলের ফেরার কোনো ইঙ্গিত পরিলক্ষিত হচ্ছে না। বরং দিন যাওয়ার সাথে সাথে তিনি যেন বিএনপি থেকে আরও বেশি দূরে সরে যাচ্ছেন।


































আপনার মতামত লিখুন :