‘কলম হোক সত্যের হাতিয়ার, এগিয়ে যাক বন্দর সাংবাদিক ইউনিয়ন পরিবার’ এই স্লোগানে নারায়ণগঞ্জের বন্দরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘বন্দর সাংবাদিক ইউনিয়ন’।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বন্দরের মদনপুর এলাকায় গার্ডেনিয়া রুফটপ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন দৈনিক জনতার ভাষা পত্রিকার সাংবাদিক আসাদুল ইসলাম শাহিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন দৈনিক গণকণ্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ফেরদৌস ফরাজী। পরিচিতি পর্ব শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বন্দর প্রেসক্লাবের সেক্রেটারি মাহফুজ জাহিদ বলেন, ‘ইউনিয়ন’ একটি তাৎপর্যপূর্ণ নাম। অতীতের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, নানা জুলুম-নির্যাতনের মধ্যেও সাংবাদিকদের কণ্ঠরোধ করা সম্ভব হয়নি। নতুন এই ইউনিয়ন প্রত্যেক সদস্যের অধিকার ও সার্বিক দেখভাল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সারোয়ার সাঈদ বলেন, সাংবাদিকরা সমাজের সবার অধিকার নিয়ে লেখেন, অথচ অনেক সময় নিজেরাই ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হন। সাংবাদিকদের ওপর নির্যাতন হলে অনেকেই এগিয়ে আসেন না। এ অবস্থা থেকে উত্তরণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
বন্দরে দক্ষ ও মানসম্মত সাংবাদিক তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতির স্বার্থে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে। বন্দরে অপরাধ ও মাদকের বিস্তার রোধে সাংবাদিকদের আরও সোচ্চার ভূমিকা রাখতে হবে।
মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহিন বলেন, নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ একটি অঞ্চল বন্দর। অথচ বিভিন্ন ক্ষেত্রে এ অঞ্চল অবহেলিত। প্রকৃত সাংবাদিকদের নিয়ে সংগঠন পরিচালনার পাশাপাশি একজন ব্যক্তি যেন একাধিক সংগঠনে জড়িত থেকে সাংগঠনিক শৃঙ্খলা নষ্ট না করেন, সেদিকে নজর দিতে হবে।
তিনি সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন।
মর্নিং নিউজের সাংবাদিক আব্দুস সালাম সাংবাদিক নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বন্দর সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার হয়েছে। সংগঠনকে শক্তিশালী করতে একটি তহবিল গঠনের ওপর তিনি গুরুত্ব দেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন না. সা. ফো.-এর সভাপতি ও মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন।
তিনি নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, বন্দর সাংবাদিক ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ সংগঠন। সাংবাদিকতার নীতিমালা মেনে গঠনমূলক আলোচনা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সংগঠনটিকে এগিয়ে নিতে হবে। যেকোনো সদস্য বিপদে পড়লে সবাইকে সম্মিলিতভাবে পাশে দাঁড়াতে হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের প্রত্যেক সদস্যের সমান গুরুত্ব রয়েছে। কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে।
তিনি সংগঠনের সভাপতি হিসেবে দৈনিক বাংলাবাজার পত্রিকার নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি ইউসুফ আলী প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক সমাচার পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান সুমনের নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী প্রধান তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যেই সংগঠনের নাম ‘সাংবাদিক ইউনিয়ন’ রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমি আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রা যেন আখিরাতের কল্যাণ বয়ে আনে, সেই প্রত্যাশা করি। এ জন্য সবার কাছে দোয়া চাই।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন বলেন, ‘আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তিনি যেন আমাকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন।’
আলোচনা সভায় বক্তারা বন্দর সাংবাদিক ইউনিয়নকে পেশাদার সাংবাদিকদের ঐক্য, অধিকার প্রতিষ্ঠা, দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।












(49)-20261128145427.jpg)
-20261128142443.jpg)


























আপনার মতামত লিখুন :