জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা চলাকালীন নবাব সিরাজউদ্দৌলা সড়কের চরম অব্যবস্থাপনা ও যানজটের কারণে পরীক্ষার্থী অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তিতে গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা।
শাখার নেতৃবৃন্দ বলেন নবাব সিরাজউদ্দৌলা সড়ক নারায়ণগঞ্জের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্রিক সড়ক যার পাশে অবস্থিত জেলার দুইটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ কলেজ ও নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থা অপরিকল্পিত যানবাহন চলাচল, ফুটপাত দখল, অবৈধ পার্কিং ও প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে এ সড়ক এখন জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন যে সময় ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুষ্ঠিত হয় সে সময়ও সড়ক ব্যবস্থাপনায় কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না ফলে পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হয়। অনেক শিক্ষার্থী উদ্বেগ, মানসিক চাপ ও অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার হয়। যা একটি শিক্ষাবান্ধব নগর ব্যবস্থার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা অবিলম্বে নবাব সিরাজউদ্দৌলা সড়কের যানজট নিরসন, সড়ক সংস্কার, অবৈধ দখল উচ্ছেদ এবং বাস টার্মিনাল, শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছে।







































আপনার মতামত লিখুন :