গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু, স্বল্পমূল্যে আবাসন, বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা সেবা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ প্রদান এবং শ্রমখাতের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের সকল পর্যায়ে শ্রমিক প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা ৫ জুন (শুক্রবার) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করে।
সংগঠনের জেলা সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক শিল্প হলেও এ শিল্পের শ্রমিকরা এখনও ন্যায্য জীবনযাত্রার মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বাসাভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয়ের চাপ এবং শিক্ষা খরচ বৃদ্ধির ফলে শ্রমিক পরিবারের জীবনযাত্রা ক্রমাগত কঠিন হয়ে উঠছে। অথচ রাষ্ট্রীয় বাজেটে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের জন্য কার্যকর ও পর্যাপ্ত উদ্যোগ দৃশ্যমান নয়।
নেতৃবৃন্দ আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং বাজারের অস্থিরতার নেতিবাচক প্রভাব থেকে শ্রমিক পরিবারগুলো কিছুটা সুরক্ষা পাবে। পাশাপাশি শিল্পাঞ্চলভিত্তিক স্বল্পমূল্যের শ্রমিক আবাসন নির্মাণ, শ্রমিক ও তাদের পরিবারের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা এবং অবসর, দুর্ঘটনা, মাতৃত্ব ও বেকারত্বকালীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা সময়ের দাবি।
বক্তারা অভিযোগ করেন, শ্রমখাতের বিভিন্ন নীতি, আইন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রকৃত শ্রমিক প্রতিনিধিদের মতামত উপেক্ষা করা হয়। ফলে শ্রমিকদের বাস্তব সমস্যার প্রতিফলন নীতিমালায় যথাযথভাবে ঘটে না।
তারা শ্রমিক সংগঠনের নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণে শ্রমনীতি প্রণয়ন ও বাস্তবায়নের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ জাতীয় বাজেটে শ্রমজীবী মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিক শ্রেণি। তাদের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিকবান্ধব বাজেট প্রণয়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
































-20260603135648.jpg)





আপনার মতামত লিখুন :