নারায়ণগঞ্জের বন্দরে সাংবাদিকের ছেলে সানজিদ হাসান রাফিকে (২৫) হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণের পর মারধর করে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে একটি ছিনতাইকারী চক্র। মঙ্গলবার রাতে বন্দরের রাজবাড়ি কবরস্থান এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সানজিদ হাসান রাফি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার সাংবাদিক মোঃ সাত্তার আলী সোহেলের ছেলে।
ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগীর বাবা সাত্তার আলী সোহেল জানান, তিন্নি নামের বন্দর এলাকার এক তরুণীর সঙ্গে রাফির পরিচয় হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। দেখা করার কথা বলে মঙ্গলবার রাফিকে বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে আসতে বলে ওই তরুণী। সানজিদ নবীগঞ্জ খেয়াঘাটে পৌঁছামাত্রই তিন অজ্ঞাত যুবক তাকে রিসিভ করে এবং জোরপূর্বক একটি মিশুকে তোলে।
পরবর্তীতে চাকুর ভয় দেখিয়ে তাকে বন্দরের রাজবাড়ি কবরস্থানের পেছনের নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা আরও ১০-১২ জনের একটি ছিনতাইকারি চক্র রাফিকে আটকে রেখে বেধড়ক মারধর করে।
এ সময় তার কাছে থাকা নগদ দেড়শো টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অপহরণকারীরা। পরে ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বাধ্য হয়ে তিনি ছেলের জীবন রক্ষার্থে দুটি বিকাশ নম্বরে দুইবারে মোট এক লাখ টাকা পাঠান। টাকা পাওয়ার পর সন্ত্রাসীরা সানজিদকে নবীগঞ্জ জনতা ব্যাংকের সামনে ফেলে রেখে যায়।
বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









































আপনার মতামত লিখুন :