News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

টিপুর পাশে বসেন দুর্ধর্ষ শহীদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ১০:১৫ পিএম টিপুর পাশে বসেন দুর্ধর্ষ শহীদ

নারায়ণগঞ্জের আলোচিত সমালোচিত দুর্ধর্ষ শহীদকে এবার দেখা গেছে একটি মঞ্চে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। ২৭ নভেম্বর শহরের বাবুরাইলের এক ফুটবল খেলায় এ দৃশ্য দেখা গেছে।

নারায়ণগঞ্জে এক সময় সন্ত্রাসের জনপথ বলা হতো। দীর্ঘ লড়াই সংগ্রামের পর সেই অপবাদ যখন দূর হতে বসেছিলো ঠিক তখনই নতুন এক আতঙ্কের জন্ম নিয়েছে নগরীতে। নতুন সেই আতঙ্কের নাম সাব্বির আহম্মেদ শহীদ ওরফে ডাকাত শহীদ। মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, ডাবল মার্ডারের আসামী হওয়ার পর এবার পুলিশ হত্যার ঘটনাতেও নাম এসেছে এই শহীদ বাহিনীর সদস্যদের।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন জেলা আইনশৃঙ্খলা কমিটির মত একটি গুরুত্বপূর্ন কমিটির মাসিক সভায় ডাকাত শহীদের অপকর্মের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য রেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। কিন্তু তাতেও প্রশাসনের কর্মকর্তারা কোনো কর্নপাত করেননি।

জানা গেছে, নারায়ণগঞ্জ সদরে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহতের ঘটনায় মাদক ব্যবসায়ী ডাকাত শহীদ তার অন্যতম সহযোগী সবুজ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এলাকাবাসী বলছেন, এ বাহিনীর ক্যাডাররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক হত্যাসহ চাঁদাবাজি, সন্ত্রাস এমনকি স্থানীয় সংসদ সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ থাকলেও স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় তারা বেপরোয়া।

ঘটনাস্থলে গেলে আশপাশের বাড়ি বা কারখানার কেউ কথা বলতে রাজি হননি। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর পাওয়া যায় এলাকার ৭৫ বছরের এক বৃদ্ধকে। ঘটনার সময় তিনি মাঠটির পাশে অবস্থিত দোকান থেকে সদাই কিনতে এসেছিলেন। এই ব্যক্তি জানান, ঘটনার সময় তিনি দেখেন একটা লোক মাটিতে পড়ে আছে। তাঁকে শহীদ বাহিনীর লোকজন ইচ্ছামতো লাথি দিচ্ছে আর বলছে, ‘তুই পুলিশ হইলে কার্ড দেখা। কিয়ের তুই পুলিশ? শালা ফরমা (ইনফরমার)।’ কিছুক্ষণ পরে এরা চলে যায়। তারা হচ্ছে ডেভিড, তাঁর ভাই আব্দুল্লাহ, ভাগনে কামাল ওরফে কামাল হোসেন, চক্ষু হৃদয়, জর্দা রাসেল, রাব্বি, তানজীল ও সুমন।

তিনি আরও বলেন, বাড়িতে যাওয়ার সময় ঘটনাস্থলের উত্তর দিকে দেখি শহীদ-সবুজ বাহিনীর বাপ্পী শিকদার, বাপ্পী, মহসিন, হান্নান, শাকিল, মুরগী রনিসহ আরও দশ-বারোজন ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল। এর কিছুক্ষণ পরে পুলিশ এলে জানতে পারি, এরা একজন পুলিশকে হত্যা করেছে।  

সিসি ক্যামেরা লাগালেই ভেঙে ফেলে সন্ত্রাসীরা : ঘটনাস্থলের দক্ষিণে অল্প দূরে বায়তুন নূর মহিলা মাদ্রাসা। এর পাশে কথা হয় এক নারীর সঙ্গে। তিনি বলেন, অন্য যে কোনো মহল্লায় গেলে আপনি প্রচুর সিসি ক্যামেরা দেখতে পাবেন। কিন্তু এ মহল্লায় কয়টা সিসি ক্যামেরা দেখতে পেয়েছেন? শহীদ-সবুজের লোকজন এখানে মাদকের ব্যবসা করে। সিসি ক্যামেরা লাগালে তাদের এসব ব্যবসার অসুবিধা হয়। এলাকায় অনেক প্লটে বাড়িঘর হয়নি। এসব জায়গা এদের আস্তানা। তবে তাদের নিজস্ব সিসি ক্যামেরা রয়েছে বিভিন্ন পয়েন্টে।

কথা হয় নৌবাহিনীর সাবেক স্টোর কিপার গোলাম মোস্তফার সঙ্গে। আত্মীয়স্বজনের সঙ্গে মিলে তিনি এখানে বাড়ি করেছেন। বাড়ি এখনও সম্পূর্ণ হয়নি। তিনি জানান, আমাদের সিসি ক্যামেরা নষ্ট। কোনো রেকর্ড হয়নি। এলাকা সারাক্ষণ মাদক ব্যবসায়ীদের দখলে থাকে। তাদের কারণে এলাকার বাড়িঘর ভাড়া হয় না। রাতে তো বটেই, দিনেও মানুষ এ এলাকায় আসতে ভয় পায়। পুলিশ মাঝে মাঝে আসে, কিন্তু লাভ হয় না। 

‎গত এক বছরে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ১১টি ছোট-বড় হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ ও এসআরবির একাধিক সদস্য আহত হয়েছেন। হামলার সময় আসামি ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পুলিশের অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার বড় অংশ হাশেমবাগ, বাংলাবাজার ও মাসদাইর এলাকার।

এলাকাবাসী জানান, পুলিশ কনস্টেবল হত্যার ঘটনার আগেও এ এলাকায় শাকিল হোসেন ও শরীফ মাদবর নামে দুই ব্যবসায়ীকে হত্যার ঘটনা ঘটায় এই বাহিনী। তাদের বিরুদ্ধে অপহরণের বেশ কিছু অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় শহীদের বিরুদ্ধে বক্তব্য রাখায় এনসিপি থেকে নির্বাচিত নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে সমাবেশ করে তাঁর হাত ভেঙে দেওয়ার হুমকি দেন শহীদের সমর্থকরা।

উল্লেখ্য, জানা গেছে, এর আগে শহীদ ওরফে ডাকাত শহীদের শেল্টার দেয়া বন্ধে সাবেক কাউন্সিলর বিভাকে সতর্ক করা সহ কেউ যেন তাকে শেল্টার না দেয় সেই বার্তা দিয়েছিলেন সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। গত ৩০ জুন নাসিক প্রশাসক এক অনানুষ্ঠানিক বৈঠকে শহীদ ওরফে ডাকাত শহীদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর এমন তথ্য জানান বিএনপির একাধিক নেতাকর্মীকে। এসময় সাবেক কাউন্সিলর বিভা হাসানকেও ফোন করে বিষয়টি জানানো হয়। মূলত কেউ যেন শহীদের বিষয়ে সুপারিশ না করে এবং তার অপকর্মের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করা হয় এমন বার্তা পৌছান তিনি।

নিতাইগঞ্জই বাবুরাইল কাশীপুরের খিলমার্কেট, বাংলাবাজার হোসাইনি নগর, হাটখোলা, আম বাগান, চৌধুরীবাড়ি, শহীদনগর, গোগনগর, পাইকপাড়া, নামাপাড়া, শাসনগাঁও, ভোলাইল হয়ে পঞ্চবটি পর্যন্ত বিশাল এই এরিয়া জুড়ে মাদকের একছত্র নিয়ন্ত্রক সাব্বির হোসেন শহিদ। তার নিয়ন্ত্রিত বিশাল এই মাদকের সামাজ্যে হাত বাড়ালেই মিলে গাঁজা থেকে শুরু করে হেরোইন, ইয়াবা, ফ্যান্সিডিল ও মদ। এসব মাদক দ্রব্যের পাইকারী বিক্রেতা সাব্বির হোসেন শহিদ।

শুধু মাদকের ডিলারশীপই নয় শহিদের মাধ্যমেই উল্লেখিত এলাকা গুলো জমি দখল, অপহরণ করে মুক্তিপন আদায় সহ ছিনতাই ডাকাতি সকল কিছুর নিয়ন্ত্রক এই শহিদ। উল্লেখিত এলাকাগুলোকে যদি অপরাধের স্বর্গরাজ্য বিবেচনা করা হয় তবে সেই রাজ্যের স্বঘোষিত সম্রাট হয়ে উঠেছে এই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদ।

স্থানীয়রা জানান, এসব অঞ্চল গুলোতে শহিদের মাদক বিক্রির জন্য ৩ থেকে ৪ হাজার লোক নিয়োগ প্রাপ্ত রয়েছে। যাদেরকে প্রতিদিন ২ থেকে ৩ হাজার টাকা চুক্তিতে রাখা হয়েছে। তাঁতীপাড়া মোড় থেকে নাগবাড়ি মোড় পর্যন্ত বিভিন্ন ল্যাম্পপোস্ট তারা সিসি টিভি ক্যামেরা স্থাপন করে স্পট গুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছে। যাতে করে প্রশাসনের লোকদের ওইসব এলাকায় ঢুকতে দেখতে পেয়ে আগে থেকেই সর্তক হতে পারে।

শহিদের বাহিনীতে আরো সক্রিয় সদস্য হিসেবে রয়েছে সবুজ ও বাপ্পি চিশতি নামের আরো দুই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

সম্প্রতি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শহিদ বাহিনীর দুই গ্ররুপের মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলি বর্ষণের মত ঘটনাও ঘটে। গুলিতে শুভ নামের একটি গুরুতর আহত হওয়ার গুঞ্জন শোনা গেছে। গুলিবিদ্ধ হওয়ার পর শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে শোনা গেছে। তবে এ ব্যাপারে শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

ওই সংঘর্ষের পর বিষয়টি নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা ডাকাত শহীদ কে নিয়ে বিব্রত হয়েছেন। যদিও পরের দিন ডাকাত শহীদের পক্ষে মাদক বিরোধী মিছিল করে আগের দিনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বাপ্পি চিশতি।