News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

মাদক সহ ধরা পড়লে রেহাই নাই : এমপি মান্নান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:৪৬ পিএম মাদক সহ ধরা পড়লে রেহাই নাই : এমপি মান্নান

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

তিনি বলেন, শরীর ও মনকে সচল রাখতে এবং যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে বাঁচাতে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়াতে হবে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি মান্নান বলেন, মাদক নিয়ে বর্তমান সরকার 'জিরো টলারেন্স' নীতিতে অটল। নতুন আইনের মাধ্যমে মাদকসহ আটক হলে জামিনের কোনো সুযোগ নেই, এমনকি সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের ব্যবস্থাও রয়েছে। তাই সময় থাকতে মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে ফিরে আসতে মাদক কারবারিদের প্রতি আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, জয়নাল আবেদীন ও মাসুম রানা।

এছাড়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা ও সাইদুর রহমান শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে সোনারগাঁও পৌরসভা সূর্য সৈনিক একাদশ ও শরীয়তপুর সুপার এলিভেন একে অপরের মুখোমুখি হয়।