দক্ষিণ আফ্রিকার একটি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নারায়ণগঞ্জের ৫ প্রবাসীর শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে এবং সমবেদনা জানাতে তাদের বাড়িতে ছুটে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী ও জেলার নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বর এবং জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দেন, গভীর সমবেদনা জানান এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করেন।
অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনায় নিহতরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর এলাকার মনির হোসেনের ছেলে মো. ফাহিম (২৯), একই এলাকার আলী মিয়ার ছেলে আপন আহমেদ (২৩) ও মৃত শরব আলীর ছেলে নুর মোহাম্মদ (৫৫), একই ইউনিয়নের তৈলখিয়ার চর এলাকার ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল (২৬), বক্তাবলী ইউনিয়নের মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহিন (৩০)। মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া এলাকার মৃত সালাম বেপারির ছেলে মো. রাজিক (৫৫)।
পরিবারগুলোর সাথে সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের এমন আকস্মিক মৃত্যুতে শুধু আলীরটেক ও বক্তাবলী এলাকা নয় গোটা দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং যেকোনো প্রয়োজনে জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে জেলা শূরা সদস্য ও ফতুল্লা পশ্চিম থানা আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, আলীরটেক ইউনিয়ন জামায়াতের সভাপতি মুরাদ হোসেন, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজ, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু বক্কর সহ নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জামায়াতের স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।



































আপনার মতামত লিখুন :