News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

নারায়ণগঞ্জ সিপিবির সমাবেশ 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ১০:২২ পিএম নারায়ণগঞ্জ সিপিবির সমাবেশ 

আমেরিকার সাথে দেশের স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করা, রাষ্ট্রয়াত্ত্ব ৪৪টি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল করে সরকারি ব্যবস্থাপনায় আধুনিকায়ন করে চালু করা ও গ্যাস -বিদ্যুৎ সংকট নিরসনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটি।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, বক্তব্য রাখেন জেলার সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সম্পাদক মন্ডলীর সদস্য আঃ হাই শরীফ, শাহানারা বেগম, শিশির চক্রবর্তী, জেলা কমিটির সদস্য দুলাল সাহা ও ইকবাল হোসেন প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে আমেরিকা আমাদের বিরোধীতা করেছে এবং পাকিস্তানকে সহযোগিতা করেছে। স্বাধীন বাংলাদেশেও তারা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি। আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। কৃষি খাত মারাত্মক হুমকির মুখে পড়বে। করিডোরের নামে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিচ্ছে। আমেরিকা এশিয়ায় তার আধিপত্য বিস্তারের জন্য বাংলাদেশের বন্দর এবং ঘাঁটি করতে ভূমি ব্যবহার করতে চায়। তাই নানান চুক্তির মধ্যদিয়ে আমেরিকা তা বাস্তবায়ন করছে। অন্যদিকে চীন ও ভারত বসে নেই, তারাও সক্রিয় হচ্ছে। এতে বাংলাদেশ ভূ-রাজনৈতিক ঝুঁকির মধ্যে পরতে যাচ্ছে। বর্তমানে দেশ এক সংকটের মধ্যে আছে। এই সংকট আরও ঘনীভূত করে তুলেছে সাম্রাজ্যবাদী শক্তি গুলো। দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যুদ্ধবাজ আমেরিকা মানবতার শত্রু। এই শত্রুর সাথে কোন চুক্তি নয়; কোন বন্ধুত্ব নয়। অসম বাণিজ্য চুক্তি, করিডোর, সমুদ্রবন্দর বিদেশীদের কাছে ইজারা দেয়া ও ট্রানজিটসহ দেশের স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।