বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী শামসুল আলম আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শহীদ আহমেদ মিঠু, মোহাম্মদ কামরুজ্জামান, কনিকা রানী সাহা; প্রভাষক শুভ্র কুমার রায়, শাওন সাহা সনেট, ইসমত জাহান, ববিতা আক্তার, তন্বী সরকার সহ কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
সভায় বাংলা নববর্ষ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম এবং তার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় অধ্যক্ষ শিল্পী শামসুল আলম আজাদ বলেন, “বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এ বছর বর্ষবরণ শোভাযাত্রা পুনরায় ‘মঙ্গল শোভাযাত্রা’ নামেই অনুষ্ঠিত হবে। বছরের এই একটি দিনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে; চারুকলা ইনস্টিটিউট কী নতুন আয়োজন নিয়ে আসছে তা দেখার জন্য। এ দিনটি সকলে চারুকলার সঙ্গে সম্মিলিতভাবে উদযাপন করে। তাই আমাদের প্রত্যেককে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দিনটিকে আরও প্রাণবন্ত করে তুলতে হবে।”









































আপনার মতামত লিখুন :