News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে ধানক্রয়ে ঘুষ নেয়ার অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৭:৩৭ পিএম খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে ধানক্রয়ে ঘুষ নেয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী খাদ্য গুদামে সরকারি ধান ক্রয় কার্যক্রমে সরকারের নির্ধারিত মুল্যের চেয়ে অতিরিক্ত ঘুষ ও অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক মো. নজরুল ইসলাম এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে নজরুল ইসলাম উল্লেখ করেন, গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন সরকারি ধান সংগ্রহের জন্য কৃষকদের কাছ থেকে ঘুষ দাবি করছেন। তিনি জানান, ৩ মে:টন মন ধান সরবরাহের জন্য তাকে তিন হাজার টাকা ঘুষ দিতে বাধ্য করা হয়েছে। ঘুষ দেওয়ার পর ধান গ্রহণ করা হলেও বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে তাকে।

নজরুল ইসলাম আরও অভিযোগ করেন, যেসব কৃষক ঘুষ দিতে পারছেন না, তারা সরকারি ঘোষিত ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে সাধারণ কৃষকরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ব্যাপারে খাদ্যগুদাম কর্মকর্তা গাজী সালাউদ্দিন জানান, আমার বিরুদ্ধে অভিযোগটি সঠিক না। মিথ্যা অভিযোগের অজুহাত দিয়ে আমাকে হয়রানি ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।